বগুড়া, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় প্রতিবেশীর কাছে চাঁদা দাবির প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছেন তিন ভাই, যাদের একজন ক্ষমতাসীন আওয়ামী লীগের শহর শাখার নেতা।
বৃহস্পতিবার দুপুরে ধারালো অস্ত্রের আঘাতে আহত তিনজন হলেন সূত্রাপুর এলাকার বাবু পশারীর ছেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাহী সদস্য বাদল (৪০), শহর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক পাইন (৩২) ও রিংকু (২৫)।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রিংকুর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত বাদল সাংবাদিকদের বলেন, দুপুর ১২টায় ওই এলাকার রায়হানসহ ৮/১০ জন চাঁদার দাবি নিয়ে ফিরোজুল আলম খোকনের গ্যারেজে আসে। প্রতিবেশী খোকনের হয়ে তারা তিন ভাই প্রতিবাদ জানালে রামদা-ছুরি দিয়ে তাদের ওপর হামলা হয়।
ফিরোজুল আলম খোকন বলেন, এলাকার কিছু যুবক বিনে পয়সায় তার গ্যারেজে মোটর সাইকেল রাখছিল। তবে তারা গভীর রাতে আসায় অত রাত পর্যন্ত গ্যারেজ খুলে রাখা সম্ভব নয় বলে জানানো হয়।
“এই ঘটনার পর আজ দুপুরে ওই সব যুবকরা এসে চাঁদা দাবি করে। তখন প্রতিবেশী বাদল, পাইন, রিংকু এগিয়ে এসে প্রতিবাদ করলে তাদের ধারালো অস্ত্রের আঘাতে জখম করা হয়,” বলেন তিনি।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, রিংকুর শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে। তার বিষয়ে নিশ্চিত কতরে কিছু বলা যাচ্ছে না।
আহতদের বড়ভাই অ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববি জানান, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
সদর থানার ওসি মাহমুদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০২ ঘ.
bdnews24