২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের নামে মামলা প্রত্যাহারের দাবি

র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজ ছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে র‌্যাবের করা সব মামলা প্রত্যাহার এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও মানবাধিকারকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 11:06 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঝালকাঠী, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজ ছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে র‌্যাবের করা সব মামলা প্রত্যাহার এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও মানবাধিকারকর্মীরা। বৃহস্পতিবার পিরোজপুর জেলার কাউখালী উপজেলা পরিষদ চত্বরে লিমনের সহপাঠী এবং মানবাধিকার ইউনিট স্থানীয় শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক মো. নূর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জানামতে এখনও সরকারিভাবে লিমনের জন্য কোনো আর্থিক সহায়তা করা হয়নি। লিমন ভাল কি মন্দ তা তদন্তের জন্য রেখে সরকারের আগে উচিৎ হবে এ কিশোরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা।” মানববন্ধনে লিমন তার পুনর্বাসন, র‌্যাবের মামলা প্রত্যাহার এবং উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। লিমনের মা হেনোআরা বেগম বলেন, “আমার ছেলেকে হত্যার চেষ্টার অভিযোগে র‌্যাবের বিরুদ্ধে একটি মামলা করেছিলাম। পুলিশ সেই মামলায় এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দেয়নি।” ওই মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক হালিম তালুকদার এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত প্রতিবেদন দেওয়া হলে বাদীকে জানানো হবে।” ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র‌্যাবের অভিযানে লিমন হোসেন গুলিবিদ্ধ হয়ে একটি পা হারায়। এ ঘটনায় লিমনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারী কাজে বাঁধা দেওয়ার অভিযোগে রাজাপুর থানায় দুটি মামলা হয়। গত বছরের ২৪ এপ্রিল পুলিশ লিমনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দেয়। এছাড়া গত ১ জুলাই সরকারি কাজে বাঁধা দেওয়ার মামলাটিতেও লিমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ নিয়ে সম্প্রতি সারা দেশে ব্যাপক আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৪ ঘ.