ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ শিক্ষা কমিশন গঠনের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এই প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, বিষয়টির সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা থাকায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রস্তাবটি বিবেচনা করা হবে বলে প্রধানমন্ত্রী ইউজিসি প্রতিনিধিদের জানিয়েছেন।
এর আগে গত মে মাসে অধ্যাপক আজাদ সাংবাদিকদের বলেছিলেন, মঞ্জুরি কমিশনকে মন্ত্রণালয়ের প্রভাবমুক্ত রাখতে এবং স্বশাসন অর্জনের লক্ষ্যে এর নাম পরিবর্তন করে ‘স্বাধীন উচ্চ শিক্ষা কমিশন’ গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
আবুল কালাম আজাদ বলেন, “ইউজিসি প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী তাদের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন।”
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামানও এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৬০৫ ঘ.
bdnews24