ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে ঋণচুক্তি বাতিল করার পর সরকার নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ায় জনগণের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, “একটি স্কুলছাত্র আমাকে ফোন করে টিফিন আর যাতায়াতের পয়সা বাঁচিয়ে পদ্মা সেতুর জন্য দেওয়ার কথা বলেছে। একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে।”
দেশকে আত্মনির্ভর করার ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা এদিনও বলেছেন, “আমরা চাই, দেশ এগিয়ে যাক। আর পরমুখাপেক্ষিতা নয়। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই।”
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়ার কথা বলে গত ২৯ জুন বাংলাদেশের সঙ্গে ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। ২৯০ কোটি ডলারের এ প্রকল্পে ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল বিশ্ব ব্যাংকের।
ওই চুক্তি বাতিল হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে দ্রুত এই সেতু নির্মাণের রূপরেখা ঘোষণা করেন।
তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে এ প্রকল্পে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন এবং তার পরিবারের নাম ভাঙিয়ে কেউ দুর্নীতি করার চেষ্টা করলে তা সরাসরি তাকে জানানোর অনুরোধ করেন। এজন্য দুটি মোবাইল নম্বর ও একটি ই-মেইল ঠিকানাও দেন প্রধানমন্ত্রী।
বিসিকের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণার আগে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুরে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, তথ্য-প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছি।”
“বিশ্বমন্দা সত্বে¡ও আমাদের রপ্তানি বেড়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ বেড়েছে। গত সাড়ে তিন বছরে আমরা প্রায় ৩ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করেছি”, যোগ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা অনুষ্ঠানে স্মরণ করেন, যুক্তফ্রন্টের শিল্পমন্ত্রী থাকাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে স্থানীয় কাঁচামালভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামের উন্নয়নের লক্ষ্যে বিসিক প্রতিষ্ঠা করেছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশের ৭৪টি বিসিক শিল্পনগরীতে প্রায় সাড়ে ৪ লাখ লোক কাজ করছে। প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। বছরে প্রায় ২৯ হাজার কোটি টাকার পণ্য উৎপাদিত হচ্ছে। এর মধ্যে ১৭ হাজার কোটি টাকার পণ্য রপ্তানিও হচ্ছে।
বিসিকের কর্মকাণ্ডের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা শিল্পনগরীগুলোকে আরো গতিশীল করার উদ্যোগ নিয়েছি।”
ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ক্ষুদ্র শিল্পের ওপর গুরুত্ব দেওয়া দেওয়ার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
বিসিকের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, এই প্রশিক্ষণ নিয়ে অনেকেই বিদেশে চাকরি করছেন, দেশে টাকা পাঠাচ্ছেন।
শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
পরে শিল্পমন্ত্রী বিসিকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি ক্রেস্ট উপহার দেন। শিল্প সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী ও বিসিক চেয়ারম্যান ফখরুল ইসলাম প্রধানমন্ত্রীকে উপহার দেন বিসিক কর্মীদের তৈরি জামদানী শাড়ি।
বিসিকের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়’। অনুষ্ঠানে বিসিকের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্রও দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৩০৫ ঘ.
bdnews24