নারায়ণগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের দেওভোগ নাগবাড়ি এলাকায় বুধবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মন্টু মিয়া (৪৫) শহরের ১নম্বর রেল গেট এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে সেলাইয়ের কাজ করতেন।
মন্টু মিয়ার স্ত্রী সালমা বেগম সাংবাদিকদের বলেন, অজ্ঞাত পরিচয় এক যুবক রাত ৮টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সাড়ে ৯টার দিকে খুন হওয়ার খবর পাওয়া যায়।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মন্টু মিয়াকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, কয়েকদিন আগে মন্টু মিয়া ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন। মঙ্গলবার জামিনে মুক্তি পান।
তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তাকে বাড়ি থেকে ডেকে নেওয়া যুবককে খোঁজা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৫ ঘ.
bdnews24