গাজীপুর, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী থেকে ডাকাত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে বনমালা থেকে গ্রেপ্তার হন পূর্ব আরিচপুরের রজব আলী ভূইয়ার ছেলে ভূঁইয়া রনি (২৬), বনমালার মাজেদ মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২৪) এবং প্রয়াত শরীফ মিয়ার ছেলে মানিক মিয়া (২৫)।
তাদের কাছ থেকে এক রাউন্ড গুলিভর্তি আমেরিকার তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে বনমালা রোড থেকে ৬- জনের ডাকাত দলের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পালিয়ে গেছে।
পরে রনি নামের একজনের কাছ থেকে গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.
bdnews24