২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী নির্যাতন, গৃহকর্তা ও তার মেয়ে জেলে

গাজীপুর শহরে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বাড়ির কর্তা ও তার মেয়েকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 04:47 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

গাজীপুর, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর শহরে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বাড়ির কর্তা ও তার মেয়েকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাতে র‌্যাব গৃহকর্তা আব্দুল বারেক (৪৫) ও তার মেয়ে আইরিনকে (১৮) গ্রেপ্তার করে। বুধবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গৃহকর্মী জান্নাত আক্তার আঁখিকে (১২) নির্যাতনের অভিযোগে সোমবার রাতে শহরের রথখোলা এলাকা থেকে র‌্যাব এ দু’জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার রাতে জাতীয় মহিলা আইনজীবী পরিষদের সদস্য সেলিনা বেগম এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। অ্যাডভোকেট সেলিনা বেগম মামলার বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, দেড় বছর আগে রথখোলার বাসিন্দা বারেকের বাসায় আঁখি কাজ নেয়। মাঝেমধ্যে ওই পরিবারের সদস্যরা আঁখিকে নির্যাতন করত। সোমবার রাতে আইরিন ও তার মা আকলিমা বেগম রড দিয়ে আঁখিকে মারধর করে এবং গলা টিপে ধরে। এসময় আশপাশের লোকজন এগিয়ে গেলে বারেক ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এলাকাবাসী ঘটনাটি পুলিশ ও র‌্যাবকে জানায় এবং আঁখিকে গুরুতর অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২৩৫ ঘ.