চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে ট্রাক দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন।
নিহত ট্রাক চালক মো. ইসহাক মিয়া (৩৫) খাগড়াছড়ি জেলার দীঘিনালার কাঁঠালতলী এলাকার বাসিন্দা। তার সহকারী আব্দুল আরিমকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল মনসিং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়রা চালক ইসহাককে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মনসিং জানান।
তিনি জানান, দুর্ঘটনায় আহত আরিম ট্রাক চালকের খালাত ভাই। তাকে মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/১২২০ ঘ.
bdnews24