২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে: ড. মিজান

হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখ্যান করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার ও র‌্যাব নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদন প্রত্যাখ্যান করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, সংস্থাটি সীমানা অতিক্রম করেছে। বুধবার জাতীয় প্রেসক্লাবে ভোরের কাগজ আয়োজিত ‘মানবাধিকার বিতর্ক: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদনের কঠোর সমালোচনা করে ড. মিজান বলেন, “আন্তর্জাতিকভাবে হঠাৎ করে আমাদের দেশকে এভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য এটি অপমানজনক। এই কাজ তারা (এইচআরডব্লিউ) করতে পারে না।” ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় সন্দেহভাজন ও অভিযুক্তদের ওপর নির্যাতনের অভিযোগ এবং র‌্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ বলেছে, বিচারের জন্য আটক অন্তত ৪৭ জন বিডিআর সদস্য হাজতে থাকা অবস্থায় ‘নিহত’ হয়েছেন। তাদের ওপর নির্যাতন চালানোর প্রমাণ হিউম্যান রাইটস ওয়াচের হাতে রয়েছে। এ ছাড়া বিচার বহির্ভূত হত্যাকা-ের জন্য এলিট ফোর্স র‌্যাবকে দায়ী করে এই বাহিনী বিলুপ্তির সুপারিশও করা হয় ওই প্রতিবেদনে। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “যেখানে যেখানে মনে হয়েছে র‌্যাব মানবাধিকার লংঘন করেছে, সেখানে আমরা দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ করেছি।” র‌্যাব বহাল রাখার পক্ষে অনুষ্ঠানে মত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনও। র‌্যাব না থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতো না বলেও মনে করেন তিনি। হিউম্যান রাইটস ওয়াচ এর ওই প্রতিবেদন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই শিক্ষক বলেন, বাইরের দুনিয়ার কোনো ব্যক্তি বা সংগঠনের কথা শুনতে বাংলাদেশ বাধ্য নয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেন, কতিপয় এনজিও ও বুদ্ধিজীবীর কারণে হিউম্যান রাইটস ওয়াচ ‘নসিহত’ করার সাহস পায়। তিনি বলেন, “হিউম্যান রাইটস ওয়াচ আমাদের প্রেসক্রিপশন দেয়। বিরোধী দলীয় নেতাও একই সুরে কথা বলেন। এদের কারণেই হিউম্যান রাইটস ওয়াচ সুযোগ পায়।” ‘ট্রান্সপারেন্সি ইনটারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’ ও ‘অধিকার’ এর নাম উলে¬খ করে প্রতিমন্ত্রী আরো বলেন, এসব এনজিও’র হিসাবের তদন্ত ও জবাবদিহিতা থাকা উচিত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন র‌্যাব জনসংযোগ বিভাগের পরিচালক এম সোহায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এইচএ/২০৫১ ঘ.