২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের অধীনে যাচ্ছে

দেশের কমিউনিটি ক্লিনিকগুলো পরিচালনার জন্য ট্রাস্টের অধীনে নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের কমিউনিটি ক্লিনিকগুলো পরিচালনার জন্য ট্রাস্টের অধীনে নেওয়া হচ্ছে। বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী সাংবাদিকদের বলেন, “এ ব্যাপারে স্বল্প সময়ে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের বলেছি।” তিনি বলেন, বর্তমানে কমিউনিটি ক্লিনিকের মালিকানা জনগণের হাতে নেই। কমিউনিটি ক্লিনিক জনগণের মালিকানায় চালানোর জন্য ট্রাস্ট করা হবে। “ট্রাস্টের অধীনে আসার পর এসব ক্লিনিকে সরকারের পক্ষ থেকে ওষুধ ও স্টাফ দেওয়া হবে। কমিউিনিটি ক্লিনিক স্থাপনের জন্য জমি দিলে দাতার নামে ক্লিনিকের নামকরণ করা যাবে,” যোগ করেন উপদেষ্টা। প্রচলিত নিয়ম মেনেই এই ট্রাস্ট গঠন করা হবে বলে জানিয়ে মোদাচ্ছের বলেন, বৈদেশিক সাহায্য বিতরণে ‘অনিয়ম’ হওয়ায় অনেক সময় তা এনজিওদের মাধ্যমে আসে। ট্রাস্টের আওতায় কমিউনিটি ক্লিনিক নেওয়া হলে বিভিন্ন অনুদান তাদের মাধ্যমেই বিতরণ করা যাবে। সব চিকিৎসক ঢাকায় আসার জন্য তদবির করে দাবি করে তিনি বলেন, “আর্থ-সামাজিক অবস্থায় তদবির এড়ানো কঠিন।” গ্রামে চিকিৎসকদের না থাকতে চাওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, “শুধু সাজা দিয়ে ডাক্তার রাখা যায় না। তাদেরও অনেক অসুবিধা আছে। তাদের ইনসেনটিভ দেওয়ার বিষয়ে লিখিত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এটা আমার ব্যর্থতা।” তিনি বলেন, জেলা প্রশাসকরা সিভিল সার্জনদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন বলে সভায় জানিয়েছেন। “তবে জেলা প্রশাসকরা পদোন্নতি পেয়ে আগের মানসিকতা ধরে রাখেন না। এটা পরিবর্তন করে একই গুণাবলী নিয়েই কাজ করতে হবে।” টাঙ্গাইল মেডিক্যাল কলেজে আগামী শিক্ষাবর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২০৪৮ ঘ.