ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার থেকে শুরু করে বিভিন্ন মহলের সমালোচনার মুখে থাকা হিউম্যান রাইটস ওয়াচের সমালোচনা এবার এসেছে দেশের মানবাধিকার সংগঠনের কাছ থেকেও।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ বুধবার এক বিবৃতিতে বলেছে, নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটির প্রতিবেদন দেশের মানবাধিকার আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিডিআর বিদ্রোহ মামলার আসামিদের ওপর র্যাবের নির্যাতনের অভিযোগটি সঠিক নয় বলে মনে করছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। পাশাপাশি র্যাব বিলুপ্ত করার বিষয়ে এইচআরডাব্লিওর প্রতিবেদনের ভাষাটিও যথাযথ মনে করছে না সংগঠনটি।
র্যাব সংক্রান্ত বক্তব্য প্রত্যাহার করে প্রতিবেদনটি পুনঃপ্রকাশ করতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটির প্রতি আহ্বান জানিয়েছে দেশের সংগঠনটি।
বিবৃতিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি মনজিল মোরসেদ বলেন, “সার্বিক বিবেচনায় আমার কাছে মনে হয়েছে, এই দুটি বিষয় প্রত্যাহার করে যদি প্রতিবেদনটি পুনঃপ্রকাশ করা হয়, তাহলে তা ইতিবাচকভাবেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে। তা না হলে আমরা মানবাধিকার কর্মীরা এদেশে ভবিষ্যতে মানবাধিকার আন্দোলনে ক্ষতিগ্রস্ত হতে পারি।”
“সারা বিশ্বে হিউম্যান রাইটস ওয়াচের কর্মকাণ্ড সব সময়ই মানবাধিকার কর্মীদের নিকট প্রশংসা পেয়েছে। বিডিআর বিদ্রোহ ছিল একটি বহুল আলোচিত একটি ঘটনা। এ ঘটনা র্যাব যেখানে তদন্তই করেনি। সেখানে তদন্তকালে মৃত্যুর ঘটনা কিভাবে আসে?” বলা হয় বিবৃতিতে।
তবে মনজিল মোরসেদ একইসঙ্গে বলেন, “আমরা এটা মনে করি না যে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতন, হত্যা বা মানবাধিকার লঙ্ঘন হলে বিদেশি যে কোনো সংস্থা বা মানবাধিকার সংগঠন তার প্রতিবাদ জানাতে পারবে না। তবে প্রতিবাদটি যদি অসত্য তথ্যের ওপর হয়, তাহলে সেটি মানবাধিকার সংগঠনগুলোর জন্য বিব্রতকর।”
“র্যাব বিলুপ্ত করে দিতে হিউম্যান রাইটস ওয়াচের দাবি এদেশের জনগণের কাছে তাদের অবস্থানকে দুর্বল করেছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২০৩৫ ঘ.
bdnews24