২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিউম্যান রাইটস উস্কে দিয়েছে আসামিদের’

পিলখানা মামলায় সরকার পক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হকের দাবি, এইচআরডাব্লিও’র প্রতিবেদনের পর আসামিরা উত্তেজিত আচরণ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন পিলখানা হত্যামামলার আসামিদের উস্কে দিয়েছে দাবি করে এক্ষেত্রে নজির হিসেবে অভিযুক্তদের গত কয়েকদিনের আচরণ তুলে ধরেছেন এই মামলার সরকার পক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক। বিভিন্ন দাবি নিয়ে আদালতে প্রকাশ্যে বিদ্রোহীদের অসন্তোষ প্রকাশ এবং আদালতের কার্যক্রম চলার মধ্যেই লিফলেট বিলির ঘটনা তুলে ধরে তিনি বুধবার সাংবাদিকদের বলেন, “এই অসন্তোষের কারণ এইচআরডাব্লিওর প্রতিবেদন।” এইআরডাব্লিও গত ৬ জুলাই ঢাকায় তাদের একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে ২০০৯ সালে সংঘটিত বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়ায় গলদ রয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি আটক আসামিদের মধ্যে ৪৭ জন নির্যাতনে নিহত হয়েছেন নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটির দাবি। বিদ্রোহের সময় পিলখানায় হত্যাকা-ের মামলা চলছে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার আদালতের বিশেষ এজলাসে। বুধবার ওই মামলার শুনানির পর সাংবাদিকদের সঙ্গে কথায় এইচআরডাব্লিও প্রতিবেদনের বিষয়টি আনেন। গত সোমবার এই আদালতের কার্যক্রম চলাকালে আসামিদের পক্ষে নামবিহীন হাতে লেখা একটি লিফলেট প্রচার করা হয়। এই লিফলেটে ডা-াবেড়ি পরানো, টয়লেটের অপ্রতুলতা, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ না থাকাসহ বেশ কয়েকটি সমস্যার কথা বলে তা পূরণের দাবি জানানো হয়। ওই লিফলেট নিয়ে বেশ হৈ চৈ হয়। ওই দিন আসামিরা সমস্বরে তাদের এসব দাবি আদালতে জানান। বুধবারও শুনানি শুরুর ঠিক আগ মুহূর্তে এক আসামিকে একটি সাদা কাগজ দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে অভিযুক্তের এক আইনজীবীর বাকবিত-া হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আনিসুল হক বলেন, “যেভাবে তারা দাবি-দাওয়া করছে, তা সঠিক পন্থায় নয়। এরপরও দাবি যুক্তিসঙ্গত হলে কর্তৃপক্ষ দাবি পূরণ করে থাকে।” আসামিদের নির্যাতনে র‌্যাব জড়িত ছিল বলে এইচআরডাব্লিউর দাবির প্রতিক্রিয়ায় তিনি জানান, গ্রেপ্তার হওয়ার পর বা বিচার কার্য চলাকালে কোনো আসামি র‌্যাবের হেফাজতে ছিল না। ফলে নির্যাতনের প্রশ্নই আসে না। মানবাধিকার সংগঠনটির সমালোচনা করে আনিসুল হক বলেন, “যে প্রতিবেদন তারা প্রকাশ করেছেন, তা এক বছর আগের। তাছাড়া তারা পিলখানা হত্যা বা বিদ্রোহ মামলার কোনোটিই সরাসরি পর্যবেক্ষণ করেনি।” হত্যামামলার এই আসামিদের ডা-াবেড়ি পরানো কারাবিধি অনুযায়ী হচ্ছে বলে জানান তিনি। আসামি পক্ষের এক আইনজীবী ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, এইচআরডাব্লিওর প্রতিবেদন বিভিন্নভাবেই আসামিরা জানতে পেরেছেন। “তারা মনে করছে, এটা তাদের মনের কথা,” বলেন তিনি। বুধবারের ঘটনা সম্পর্কে ফারুক বলেন, “একজন আসামিকে কাগজ দেওয়াকে কেন্দ্র করে পুলিশের যে ভূমিকা ছিল, তা কাম্য নয়। তাছাড়া ডা-াবেড়ি আদালত কক্ষে পরিয়ে রাখার কোনো বিধান নেই।” এই মামলার অন্যতম প্রসিকিউটার মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান, আসামিদের অভিযোগ শোনার পর আদালত নতুন করে টয়লেট নির্মাণ এবং আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। এদিকে বুধবার দুপুরে আদালতের বিরতির সময় পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আদালতের বিচারকের খাস কামরায় এক বৈঠক করেন। বৈঠকে আসামিদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করাসহ সার্বিক বিষয়ে নিরাপত্তা নিয়ে কথা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অতিরিক্ত দায়রা জজ আকতারুজ্জামান আদালতে বুধবার সাক্ষী ডা. ফজলুল কবির, শেখ নাহার মাহমুদ এবং ডা. মাকসুদ আলমের জবানবন্দি নেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরাও করেন। ২০০৯ সালে বিদ্রোহের সময় পিলখানায় নিহত ৭২ জনের মধ্যে ডা. মাকসুদ ১৯ জনের ময়নাতদন্ত করেন। বুধবার শুনানির পর আদালতের কার্যক্রম আগামী ১৬ জুলাই পর্যন্ত মুলতবি হয়। এই মামলায় সাক্ষ্য দিতে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (বর্তমানে মরক্কোর রাষ্ট্রদূত) নূর মোহাম্মদ এবং সাবেক বিডিআর কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্টে কর্নেল জাহান আরাকে হাজির হতে গত ২ জুলাই আদালত নির্দেশ দেয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত মইন আসবেন কি না- জানতে চাইলে আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার সঙ্গে আমার কথা হয়েছে। চিকিৎসা নিচ্ছেন বলে আসতে পারছেন না বলে আমাকে জানিয়েছেন।” “তাকে তার চিকিৎসার কাগজপত্র পাঠাতে বলেছি। বাকিরা যথাসময়ে সাক্ষ্য দেবেন,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯৪২ ঘ.