বেনাপোল, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত ন্যূনতম মজুরি প্রদানের দাবিতে ডাকা ধর্মঘটের চতুর্থ দিনে প্রত্যাহার করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিকরা।
বুধবার বেলা ২টায় ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের আশ্বাসের পরিপেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।”
গত রোববার থেকে এই ধর্মঘট শুরু হয়। একই দাবিতে এর আগে দু’দফা কর্মবিরতি করে শ্রমিকরা।
২০১০ সালের ২ সেপ্টেম্বর সরকার ন্যূনতম মুজুরি নির্ধারণ করে একটি গেজেট প্রকাশ করে সরকার। এতে স্থল বন্দর ব্যবহারকারীদের কাছ থেকে আদায় করা লেবার হ্যান্ডলিং চার্জের অর্থ শ্রমিক ও সরকারের মধ্যে ৬৫ অনুপাত ৩৫ হারে বণ্টন করার কথা রয়েছে।
ভারতের পেট্রাপোল বন্দর সি এন্ড এফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪ দিনের শ্রমিক ধর্মঘটের কারণে পেট্রাপোল বন্দর থেকে বনগা পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার দু’ধারে রপ্তানি পণ্য নিয়ে কয়েক হাজার ট্রাক দাঁড়িয়ে রয়েছে।”
বুধবার দুপুরে তৃতীয় দফার ধর্মঘট প্রত্যাহারের আগে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বেনাপোল অ্যাসোসিয়েশন ভবনে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস কর্মকর্তা, স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকদের দু’টি ইউনিয়ন, স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকদের ঠিকাদারি প্রতিনিধি, সিএন্ডএফ এজেন্ট কর্মচারি অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের আশ্বাস দিয়ে শ্রমিকদের উদ্দেশে সাংসদ শেখ আফিল উদ্দিন বলেন, “নৌ-পরিবহন মন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়।”
বেনাপোল স্থলবন্দরে সদ্য যোগদেয়া পরিচালক (ট্রাফিক) আবুল আওয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার শ্রমিকরা বেলা ২টার পর থেকে কাজে যোগদান করেছে। বন্দরের কাজকর্ম এখন পুরোদমে চলছে।”
ধর্মঘটের কারণে পণ্যজট সৃষ্টি হওয়ায় আগামী শুক্র ও শনিবার কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন শ্রমিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫২ঘ.
bdnews24