২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে গ্যাস সরবরাহকালে অটোরিকশা অগ্নিদগ্ধ

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইন্ট্রাকো সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহের সময় দু’টি অটোরিকশায় অগ্নিদগ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

চাঁদপুর, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইন্ট্রাকো সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহের সময় দু’টি অটোরিকশায় অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার দুপুর সোয়া দুইটায় দুর্ঘটনার পর অগ্নিনির্বাপক কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফরিদ আহমেদ মনির জানান, গ্যাস সরবরাহকালে অটোরিকশায় থাকা ব্যাটারিতে যান্ত্রিক কোনো সমস্যার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। ইন্ট্রাকো সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আজিজ খান বলেন, ”আমরা এখনো বুঝতে পারছি না কিভাবের অটোরিকশায় আগুন লেগেছে।” ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালক মো. সেকান্দর খান জানান, প্রায় দেড় বছর আগে কেনা তার অটোরিকশায় কোনো সমস্যা ছিল না। “গ্যাস সরবরাহকালে গাড়িতে হঠাৎ আগুন ধরে যাওয়া।” প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি সিএনজি চালিত অটোরিকশা দুপুরে গ্যাস নেওয়ার জন্য সিএনজি স্টেশনে আসে। যখন গ্যাস সরবরাহ করা হচ্ছিল তখন বিকট শব্দ হয়ে অটোরিকশাটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে অগ্নিদগ্ধ অটোরিকশার আগুন ছড়িয়ে পড়ে আরেকটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সিএনজি স্টেশনে আতংক ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫২৮ঘ.