ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন ৫ হাজার অটোরিকশা চালকদের মধ্যে বিতরণ এবং পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে ঢাকার অটোরিকশা চালকরা।
বুধবার সকালে প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের এক যৌথ সমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালানোর ঘোষণা দেওয়া হয়।
একই সঙ্গে দাবি আদায়ে প্রতিদিন সকাল ১০টা থেকে প্রেসক্লাবের সামনে নিয়মিতভাবে এই সমাবেশ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান দুটি সংগঠনের নেতারা।
ধর্মঘটের কারণে সাতরাস্তা, মগবাজার, কারওয়ান বাজার, শাহবাগসহ বিভিন্ন এলাকায় কোনো অটোরিকশা চলতে দেখা যায়নি।
বুধবার থেকে পূর্বঘোষিত দুই দিনের ধর্মঘট কর্মসূচি মঙ্গলবার সিএনজি অটোরিকশা মলিক সমিতি প্রত্যাহার করে নিলেও চালকরা কর্মসূচি চালিয়ে যাবার কথা বলেছিলেন। বুধবার চালকদের সমাবেশ থেকে দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালানোর ঘোষণা আসে।
ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ধর্মঘট অব্যাহত আছে। যতদিন আমাদের ১০ দফা দাবি না মানা হবে ততদিন পর্যন্ত ধর্মঘট চলবে।”
আন্দোলনরত চালকদের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত ৪২ জনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেন তিনি।
মালিকদের ধর্মঘট প্রত্যাহারের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মালিকপক্ষ এই আন্দোলনকে পণ্ড করতে কর্মসূচিতে এসেছিল। বিআরটিএ কর্তৃপক্ষ দাবি দাওয়া পূরণের কোনো আশ্বাস না দিলেও তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।”
চালকদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে নতুন ৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে বিতরণের ব্যবস্থা নেওয়া, অতিরিক্ত জমা আদায়কারি মালিকদের গ্যারেজে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া, পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, শহরের বিভিন্ন স্থানে অটোরিকশা পার্কিং জোন স্থাপন, চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে পুনর্পরীক্ষার বিষয়টি বন্ধ করা, প্রাইভেট অটোরিকশা ভাড়ায় চালানো বন্ধে ব্যবস্থা নেওয়া ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৩১১ ঘ.
bdnews24