হবিগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেনের নিচে কাটা পড়ে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
বুধবার প্রথম প্রহরে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ আহমেদ (৩৪) হবিগঞ্জের নবীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বিবিয়ানা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের দক্ষিণ কুর্শা এলাকার ইসমাইল মিয়ার ছেলে। এছাড়াও তিনি নবীগঞ্জ উপজেলা যুবদলের শিক্ষা ও সাহিত্য সম্পাদক এবং স্থানীয় গজনাইপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি ছিলেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাহিদুর রহমান জানান, রাত ১২টা ১০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রায় ৩শ গজ পূর্বে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ গেটের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে জুনায়েদের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, জুনায়েদের দেহ ক্ষত-বিক্ষত হয়ে গেছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২২৬ ঘ.
bdnews24