চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ের আবু তোরাব থেকে বড়তাকিয়ার দিকে এগোলে সৈদালীতে সড়কের পাশেই নির্মাণ করা হবে স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’। এক বছর আগে ঠিক ওই স্থানেই ঝরে গিয়েছিল ৪৫টি তাজা প্রাণ, যাদের বেশিরভাগই ছিল স্কুলছাত্র।
২০১১ সালের ১১ জুলাই দুপুরে মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফিরছিল তারা। কিন্তু সৈদালী এলাকায় ট্রাকটি উল্টে পাশের ডোবায় পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় ৩৯ জন।
পরে বিভিন্ন সময়ে চট্টগ্রাম ও ঢাকার কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ৩৩ জনই ছিল আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্র। তাদের স্মরণে স্কুলের প্রবেশ পথে বসানো হয়েছে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’। সোমবার বিকালে এই স্মৃতি স্তম্ভের উদ্বোধন করা হয়।
নিহতদের স্মরণে মিলাদ-দোয়া মাহফিল ছাড়াও আবু তোরাব স্কুল, আবু তোরাব বাজারে আলোচনা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বুধবার।
স্মরণকালের মধ্যে ভয়াবহ এ দুর্ঘটনায় একসঙ্গে এতো শিশুর মৃত্যু নাড়া দিয়ে যায় পুরো দেশের মানুষকে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা এবং হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রা খালেদা জিয়া। সরকারের মন্ত্রী, সাংসদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থা, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক বছরে এ এলাকার মানুষ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু দুর্ঘটনায় হারিয়ে যাওয়া শিশু-কিশোরদের তারা একদিনের জন্যও ভুলতে পারেনি।
“দুর্ঘটনার পর এখানে অনেকে এসেছেন, নিহত-আহতদের পরিবারের সদস্যদের অর্থ সহায়তা দিয়েছেন। আবার স্কুলের শিক্ষার্থীদের মন চাঙা করতে মনোবিদ এসে কাউন্সেলিংও করিয়েছেন। এতোকিছুর পরও আমাদের স্মৃতিতে ওই মুখগুলো সবসময়ই থাকবে।”
আবু তোরাব স্কুলের দুই সাবেক শিক্ষার্থী, আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন, আবু তোরাব ফাজিল মাদ্রাসার দুইজন, কামাল উদ্দিন চৌধুরী কলেজের দুইজন, এসএম প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্র এবং এক গ্রামবাসীও নিহত হন ওই দুর্ঘটনায়।
অভিযোগ ছিল, স্কুল ছাত্রদের বহনকারী ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী মফিজ উদ্দিন। দুর্ঘটনা যখন ঘটে, সেসময় মফিজ মোবাইল ফোনে কথা বলছিলেন বলেও জানান বেঁেচ যাওয়া এক শিক্ষার্থী।
দুর্ঘটনার পর রাতেই মফিজ উদ্দিনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী। দুর্ঘটনার নয়দিন পর বরিশাল থেকে গ্রেপ্তার করা হয় মফিজকে।
আদালতে মফিজের বিচার শেষ হয় খুবই দ্রুততার সঙ্গে। ২০১১ সালের ৮ ডিসেম্বর আদালত মফিজকে দুটি ধারায় মোট পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১১২১ ঘ.
bdnews24