২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্ম নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদী পদ্ধতির পক্ষে বিশেষজ্ঞরা

দেশের বিবাহিত নারীদের দুই তৃতীয়াংশই আর সন্তান নিতে না চাইলেও জন্ম নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি বেছে না নেওয়ায় তাদের বেশিরভাগই অনাকাক্সিক্ষত গর্ভধারণের ঝুঁকিতে রয়েছেন। নুরুল ইসলাম হাসিবের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 04:40 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিবাহিত নারীদের দুই তৃতীয়াংশই আর সন্তান নিতে না চাইলেও জন্ম নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি বেছে না নেওয়ায় তাদের বেশিরভাগই অনাকাক্সিক্ষত গর্ভধারণের ঝুঁকিতে রয়েছেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) ২০১১ এর প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ৬৫ শতাংশ বিবাহিত নারীই আর সন্তান না নেওয়ার ইচ্ছার কথা বলেছেন। দুই সন্তানের জননীদের মধ্যে এই হার ৮২ শতাংশ, আর তিন বা তার বেশি সন্তানের মায়েদের মধ্যে ৯০ শতাংশ। এই নারীদের মধ্যে মাত্র ৮ শতাংশ জন্মনিয়ন্ত্রণের দীর্ঘমেয়াদী বা স্থায়ী পদ্ধতি ব্যবহার করেন। অথচ বিশেষজ্ঞরা মনে করেন, ২০ বছর বয়স হওয়ার আগেই সন্তানের মায়ে পরিণত হওয়া এই নারীদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বা স্থায়ী পদ্ধতি নেওয়াটাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর। “মুশকিল হচ্ছে, এ ধরনের ক্ষেত্রে বন্ধ্যাকরণ, আইইউডি বা ইমপ্ল্যান্টের মতো পদ্ধতি অনেক বেশি কার্যকর হলেও এ বিষয়ে সচতনতা তৈরির জন্য নির্দিষ্ট কোনো প্রকল্প নেই”, বলেন ডা. আহমেদ আল সাবির, যিনি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের সাবেক পরিচালক। এই জনসংখ্যা বিশেষজ্ঞ জানান, বাংলাদেশে এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি নারী বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছেন। কিন্তু এর মধ্যে দীর্ঘমেয়াদী বা স্থায়ী পদ্ধতি ব্যবহার করছেন মাত্র ১৩ শতাংশ নারী। বাংলাদেশের নারীদের মধ্যে বন্ধ্যাকরণের হার ১৯৯১ সালে ৯ শতাংশ থাকলেও তা ২০০৪ সালের পর আর কখনো ৫ শতাংশের ওপরে ওঠেনি। আইসিডিডিআর,বির পরিচালক ও জনসংখ্যা বিশেষজ্ঞ পিটার কিম স্ট্রেইটফিল্ড গত এপ্রিলে বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের তথ্য তুলে ধরে বলেন, জনসংখ্যা বৃদ্ধির হারে লাগাম দিতে হলে দীর্ঘমেয়াদী পদ্ধতি ব্যবহারে নারীদের উৎসাহ দিতে হবে। “ঊনিশশ আশির দশকে যেহেতু এটা সম্ভব হয়েছিল, তাই এখনও এটা সম্ভব।” জরিপের তথ্য বিশ্লেষণে দেখা যায়, নারীদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পায়। বাংলাদেশে ৪৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মধ্যে এ পদ্ধতি গ্রহণের হার সর্বোচ্চ (১৪ শতাংশ)। অথচ ওই বয়সে এমনিতেই তাদের আর সন্তান ধারণের সক্ষমতা থাকে না। অন্যদিকে সন্তান ধারণের জন্য সবচেয়ে উর্বর সময়, অর্থাৎ, ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণের হার মাত্র ৪ দশমিক ৩ শতাংশ। আহমেদ আল সাবির বলেন, “দীর্ঘমেয়াদী বা স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য বিশেষভাবে প্রশিক্ষিত চিকিৎসকের প্রয়োজন হয়। এ কারণে অধিদপ্তর কখনোই এসব পদ্ধতির বিষয়ে খুব বেশি গুরুত্ব দেয়নি।” এক্ষেত্রে মন্ত্রণালয়ের দুই শাখা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবকেও দায়ী করেছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর মুখে খাওয়ার বড়ি ব্যবহারকেই উৎসাহ দিয়ে আসছে, কারণ মাঠকর্মীরা সহজেই বাড়ি বাড়ি গিয়ে তা বিতরণ করতে পারেন। পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা এনজেন্ডর হেলথের বাংলাদেশ প্রতিনিধি ডা. আবু জামিল ফয়সাল বলেন, বাংলাদেশে যে নারীরা ইতোমধ্যে দুটি বা তার বেশি সন্তানের জন্ম দিয়েছেন, তাদেরও মুখে খাওয়ার পিল দেওয়া হচ্ছে। “এই নারীদের দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণে উৎসাহী করতে একটি পরিকল্পরা নিয়ে এগোনো প্রয়োজন”, বলেন এই বিশেষজ্ঞ। এমনই এক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বুধবার বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করছে বাংলাদেশ। পরিসংখ্যান ব্যুরো এখনো আদমশুমারির চূড়ান্ত ফল প্রকাশ না করলেও প্রাথমিক ফলাফল অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ। আর জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৪ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/১০২৫ ঘ.