গোপালগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ শহরের ডিসি রোডে বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর সময় সেখান থেকে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত ফাহাদ মাহমুদ (১১) শহরের অণির্বান স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। সে ইট ভাটার মালিক এস এম শহিদুল ইসলামের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় ফাহাদ তাদের বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল। এক পর্যায়ে লাটাই দিয়ে ঘুড়ি নিয়ন্ত্রণ করার সময় ৫ তলা ছাদ থেকে পড়ে মারাত্মক আহত হয় সে।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফাহাদের অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/০৯৫৬ ঘ.
bdnews24