২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ৬ ঘণ্টা পর উদ্ধার বিএনপি নেতা

অপহরণের ছয়ঘণ্টা পর গোপালগঞ্জে বিএনপি নেতাসহ তিন ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 05:51 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

গোপালগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ছয়ঘণ্টা পর গোপালগঞ্জে বিএনপি নেতাসহ তিন ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ অপহরণের অভিযোগে ফরিদপুর বিটিসিএল’র গাড়িচালক রনজিৎ সিকদারকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি রামানন্দ বৈদ্য এবং তার প্রতিবেশী অবিলাস সুন্সি ও লিটন মুন্সিকে গোপালগঞ্জ শহরের কবরস্থান মোড় থেকে অপহরণ করা হয়। বিকাল ৪টায় শহরের পাওয়ার হাউস এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। কোটালীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি রামানন্দ বৈদ্য বলেন, একটি মামলায় হাজিরা দিতে তারা পাঁচজন কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ বেদগ্রাম বাসস্ট্যান্ডে গিয়ে নামেন। এরপর তিনিসহ তিনজন একটি ইজিবাইকে এবং অপর দু’জন আরেকটি ইজিবাইকে ওঠেন। তিনি বলেন, “আমাদের ইজিবাইক কবরস্থান মোড়ে পৌঁছলে রনজিৎ সিকদারের নেতৃত্বে ৭/৮ জন লোক ইজিবাইক আটকিয়ে আমাদের তিনজনকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে মারধর করে। পরে আমাদের পওয়ার হাউসের সংরক্ষিত এলাকায় নিয়ে আটকে রাখে।” গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, তাদের অপর দুই সঙ্গী অপহরণের ঘটনা আদালতে গিয়ে আইনজীবীদের জানানোর পর উদ্ধারে অভিযান শুরু হয়। পুলিশ কর্মকর্তা বলেন, প্রথমে আদালত চত্বর থেকে আপহরণকারী দলের মূল হোতা রনজিৎ সিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে অপহৃতদের উদ্ধার করা হয়। রনজিৎ বিশ্বাস পুলিশকে বলেন, তার বাবা অনেক আগে রামানন্দ বৈদ্যর কাছ থেকে একটি জমি কেনেন। কিন্ত তারা দলিল দেয়নি। তিনি বলেন, “এ ব্যাপারে আমি আদালতে মামলা করেছি। তারা আদালতে হাজিরা দিতে এলে আমি ধরে নিয়ে দলিল করার জন্য চাপ দিই।” এ কাজে তাকে গোপালগঞ্জ শহরের ৪/৬ জন সহযোগিতা করেছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৭ ঘ.