ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্বঘোষিত দুই দিনের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে সিএনজি অটোরিকশা মলিক সমিতি। তবে শ্রমিক অর্থাৎ চালকরা বলছেন, তাদের কর্মসূচি চলবে।
বিভিন্ন দাবিতে বুধ ও বৃহস্পতিবার ধর্মঘট আহ্বান করে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি।
মঙ্গলবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহের সিদ্ধান্ত হয়েছে বলে জানান মালিক সমিতির সাধারণ সম্পাদক এটিএম নাজমুল হাসান।
সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজ সকালে বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি আমাদের দাবি বিবেচনার জন্য দুই মাস সময় চেয়েছেন। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।”
বাজেটে প্রতিটি সিএনজির ওপর নতুন করে আড়াই হাজার টাকা করে আরোপ করা কর প্রত্যাহারসহ তিনটি দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছিল।
“বিআরটিএ চেয়ারম্যান দাবি বিবেচনার আশ্বাস দেওয়ায় দুই মাসের জন্য আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি,” বলেন নাজমুল।
অন্যদিকে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ১০ দফা দাবি আদায়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছিলাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”
মালিকদের ধর্মঘট প্রত্যাহারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আমরা আগে আন্দোলনে নেমেছিলাম। মালিকপক্ষ এই আন্দোলনকে নস্যাৎ করতে কর্মসূচিতে আসে।
“আজ নাকি বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে মালিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। অথচ কর্তৃপক্ষ দাবি দাওয়া পূরণে কোনো আশ্বাস দেয়নি। তবে আমরা আন্দোলনে ছিলাম, আছি।”
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, ২০০৮ সালে গেজেট হওয়া নতুন ৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে বিতরণ, পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরবি/এএল/এমআই/২২২২ ঘ.
bdnews24