বরিশাল, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন মঙ্গলবার দুই চাঁদাবাজকে ধরে পুলিশে দিয়েছেন।
নগরীর লঞ্চঘাট থেকে আটক এ দু’জন হলেন অটোরিকশা শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি মো. মনিরুজ্জামান (৩৫) এবং তার সহযোগী মো. বাদল (২৩)।
মহানগরীর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশা শ্রমিক কল্যাণ সংস্থার নামে নগরীতে চলাচলকারী অটোরিকশা থেকে ১০ টাকা করে আদায় করে আসছিলেন সভাপতি মনিরুজ্জামান।
সিটি মেয়র শওকত হোসেন হিরনের কাছে এই অবৈধ চাঁদা উত্তোলনের বিষয় অভিযোগ করেন সাধারণ চালকরা।
মঙ্গলবার সকালে লঞ্চঘাট এলাকায় চাঁদা উত্তোলনের সময় তিনি হাতেনাতে এ দু’জনকে আটক করে পুলিশে দেন।
এই থানার ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৬ ঘ.
bdnews24