২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইউজেতে ১১ সাংবাদিক অবাঞ্ছিত

সাগর-রুনি হত্যার প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশে হাতাহাতির ঘটনায় ১১ সাংবাদিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর-রুনি হত্যার প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশে হাতাহাতির ঘটনায় ১১ সাংবাদিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। ডিইউজে কার্যনির্বাহী কমিটির সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত হয় বলে জাতীয়তাবাদী সমর্থিত ডিইউজে’র সভাপতি আবদুস শহীদ জানিয়েছেন। অবাঞ্ছিত ১১ সাংবাদিকের মধ্যে ১০ জন এটিএন বাংলার। তারা হলেন- টেলিভিশনটির বার্তা প্রধান জহিরুল ইসলাম মামুন (জ ই মামুন), বিশেষ প্রতিনিধি কেরামত উল্লাহ বিপ্লব, মাহমুদুর রহমান, নাদিরা কিরণ, মানস ঘোষ ও শওকত মিলটন, জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম বাবু ও মাহফুজ রহমান মিশু এবং নিজস্ব প্রতিবেদক রাহাত মিনহাজ ও মঈনুল আহসান। অবাঞ্ছিত অন্যজন হলেন ভোরের কাগজের প্রতিবেদক শামীম আহমেদ। অবাঞ্ছিতরা কেউ জাতীয়তাবাদী সমর্থিত ডিইউজে’র সদস্য নয় উল্লেখ করে আবদুস শহীদ বলেন, “এ কারণে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ১১ জনকে অবাঞ্ছিত করা হয়েছে। কারণ এরা কেউ আমাদের সংগঠনের সদস্য নন।” গত ২৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত যৌথ মানববন্ধন কর্মসূচিতে হাতাহাতি হয়। এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিতর্কিত মন্তব্যের জন্য তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধনে ডিইউজের এক নেতা বক্তব্য রাখলে তাতে ক্ষুব্ধ হন ওই টেলিভিশনের সাংবাদিকরা। এটিএন বাংলার সাংবাদিকরা অবশ্য দাবি করেছেন, তাদের ওপরই সেদিন হামলা হয়েছিল। চার সংগঠন ওইদিনই যৌথসভায় হামলার সঙ্গে জড়িত সাংবাদিকদের এ চারটি সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এদিকে ডিইউজে’র সাধারণ সম্পাদক বাকের হোসাইন জানান, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারের দাবিতে ১৪ জুলাই সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সব সংগঠনের যৌথ সভা হবে। এরপর ১৭ জুলাই প্রেসক্লাবের সামনে মানবন্ধনের কর্মসূচি রয়েছে সংগঠনগুলোর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৬৫৪ ঘ.