২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাস চাপায় হা-মীম গ্রুপের ১ কর্মকর্তা নিহত

ঢাকার আশুলিয়ায় বাসের চাপায় হা-মীম গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 08:35 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

সাভার, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশুলিয়ায় বাসের চাপায় হা-মীম গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় এ ঘটনায় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। নিহত মোক্তার হোসেন (৪৫) হা-মীম গ্রুপের বাংলাবাজার এলাকার প্যাকেজিং কারখানা আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের উপ-মহা ব্যবস্থাপক ছিলেন। রাজবাড়ী জেলার সদর থানার ওরাকান্দা এলাকার আজগর আলিম মোল্লার ছেলে তিনি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে মোক্তার হোসেন তার কর্মস্থলে যাওয়ার জন্য নবীনগর-কালিয়াকৈর সড়কের পলাশবাড়ী বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আবদুল্লাহপুরগামী একটি যাত্রীবাহী বাসতাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ওখানে অপেক্ষমান শ্রমিক ও পথচারীরা ক্ষিপ্ত হয়ে ঘাতক বাসটিসহ বেশ কয়েকটি যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। এতে, আতঙ্কে নবীনগর-কালিয়াকৈর সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসআই আরও জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩২ঘ.