ফেনী, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বালু মহালের আধিপত্য নিয়ে প্রতিপক্ষের ক্ষুরের আঘাতে দু’জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার রেজুমিয়া সেতুর উপর এ হামলায় আহত হন পূর্ব হরিপুর গ্রামের আবু আহমদের ছেলে মনির আহমদ (২২) এবং নূর ইসলামের ছেলে হোসেন আহমদ মোল্লা (৪৪)।
এদের মধ্যে মনিরকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং হোসেন আহমদ মোল্লাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, বালু মহালে আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন ধরে দু’দলের মধ্যে উত্তেজনা চলছিল।
সোমবার সকাল ১১টার দিকে মনির ও হোসেনকে একা পেয়ে পূর্ব হরিপুর গ্রামের টিটু (২৪) ও লিটনসহ (৩৮) কয়েকজন হামলা চালায়।
তারা ক্ষুর দিয়ে মনির আহমদের পেট কেটে নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। তাকে বাঁচাতে গেলে ক্ষুর দিয়ে হোসেনের নাক কেটে দেয়।
ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান বলেন, এখনো এ ব্যাপারে থানায় কেউ মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৪ ঘ.
bdnews24