২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবেগঘন পরিবেশে ‘আবেগ’ উদ্বোধন

আবেগঘন পরিবেশে উদ্বোধন হল মিরসরাইয়ে ট্রাক উল্টে স্কুল নিহত ছাত্রসহ ৪৫ জনের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘আবেগ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবেগঘন পরিবেশে উদ্বোধন হল মিরসরাইয়ে ট্রাক উল্টে স্কুল নিহত ছাত্রসহ ৪৫ জনের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘আবেগ’। সোমবার মিরসরাইয়ের আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথেই নির্মিত এ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং নিহত ছাত্রদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। নিহত ৪৫ জনের ছবি সম্বলিত এ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সময় শিক্ষার্থী-শিক্ষকসহ উপস্থিত সবার চোখে ছিল জল। প্রায় একবছর আগে ২০১০ সালের ১১ জুলাই মিরসরাই উপজেলার আবু তোরাব-বড়তাকিয়া বাজারের সৈদালী নামে স্থানে স্কুল ছাত্রদের বহনকারী ট্রাক উল্টে ডোবায় পড়ে গিয়ে নিহত হয় ৪৫ জন। নিহতদের মধ্যে ৩৩ জনই আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। যারা নিহত হয়েছেন তাদের প্রায় সবারই ছোট বা বড় ভাই-বোন বা সহপাঠী এ বিদ্যালয়ে এখনো পড়ছে। মিরসরই উপজেলার বাসিন্দা দিলীপ বড়–য়ার দেওয়া অর্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক সৈয়দ সাইফুল কবীরের নকশায় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ নির্মাণ করা হয়। তিনটি স্তম্ভের ওপর একটি কালো ব্ল্যাক বোর্ডে ৪৪ স্কুল শিক্ষার্থীসহ ৪৫ জনের নাম ও ছবি খোদাই রয়েছে। স্কুলের শ্রেণীকক্ষ ও শোক এবং শিক্ষার্থীদের অকালে ঝরে যাওয়া বোঝাতে কালো ব্ল্যাক বোর্ড এ তাদের ছবি দেওয়া হয়। আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থী নিহত হওয়ায় এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশমুখেই এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, নিহত স্কুলছাত্রদের স্মৃতি ধরে রাখতে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এখন সবাই এখানে এসে তাদের খুঁজে পাবে। উদ্বোধনের পর দিলীপ বড়–য়া ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ওই স্তম্ভে ফুল দিয়ে নিহতদের স্মরণ করা হয়। মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক আ আ ম শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক ও মায়ানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির নিজামী। বুধবার মিরসরাই ট্র্যাজেডির একবছর হচ্ছে। এই স্মৃতিস্তম্ভ ছাড়াও দুর্ঘটনাস্থলে একটি স্মৃতিফলক নির্মাণ করা হবে। ওইদিনই এই স্মৃতিফলকের ভিত্তিস্থাপন করা হবে। এছাড়া মিরসরাই ট্র্যাজেডির বছরপূর্তি উপলক্ষে আবু তোরাব উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০৫৫ ঘ.