চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাকে চাঁদাবাজি ও ডাকাতির প্রতিবাদে লোহার রড পরিবহনকারী ট্রান্সপোর্ট এজেন্সি মালিকদের ডাকা ধর্মঘট চলছে।
রোববার থেকে শুরু হওয়া এ অনির্দিষ্টকালের ধর্মঘট সোমবার সফলভাবে পালিত হয়েছে বলে জানিয়েছেন ‘এম এস রড ও লোহাজাত পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ’র আহ্বায়ক মো. আবু মোজাফ্ফর।
চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় লোহার রড পরিবহণকারী ট্রাকে চাঁদাবাজি, ডাকাতিসহ নানা অপরাধের প্রতিবাদে এ ধর্মঘট শুরু করে রড ট্রান্সপোর্ট এজেন্সির মালিকরা।
পরিষদের আহ্বায়ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রড ও লোহজাত পণ্য চট্টগ্রামের বাইরে যেতে দেয়া হয়নি। সিতাকু-ের কুমিরা এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে তাদের কর্মীদের একটি অংশ অবস্থান নিয়েছে যাতে রড ও লোহজাত পণ্য নিয়ে ট্রাক চলাচল করতে না পারে।
তাদের দাবির পূরণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ধরনের আশ্বাস মেলেনি বা আলোচনা হয়নি বলে তিনি জানান।
মোজাফ্ফর আরো জানান, বুধবার সারাদেশে ‘বাংলাদেশ ট্রাক- কাভার্ড ভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এর ধর্মঘট রয়েছে। ১৪ দফা দাবি আদায়ে সারাদেশে সব ধরনের পণ্য পরিবহণ থেকে বিরত থেকে এ ধর্মঘট পালিত হবে।
চট্টগ্রামের বিভিন্ন স্টিল কারখানা থেকে লোহার রড দেশের বিভিন্ন জেলায় পরিবহন করে থাকে ৪০টি এজেন্সি। প্রতিদিন সারাদেশে প্রায় দেড়শ‘টি ট্রাকে করে এ সব এজেন্সি লোহার রড পরিবহন করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০০২ ঘ.
bdnews24