ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালককে তলব করেছে হাই কোর্ট।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ‘স্বেচ্ছায় অবসর স্কিম’র আওতায় অবসরে যাওয়া বিমানের দুই কর্মকর্তার আবেদনে সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আব্দুর রব এই আদেশ দেয়।
এছাড়া ৫ জুলাই জারি করা কমার্শিয়াল কর্মকর্তাদের পদোন্নতির নোটিস তিন মাসের জন্য স্থগিতও করেছে আদালত।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দেক আহমেদের পাশাপাশি আরো তিন কর্মকর্তাকে তলব করা হয়েছে। তারা হলেন- পরিচালক (প্রশাসন) রাজপতি সরকার, পরিচালক (মার্কেটিং ও সেলস) মোহাম্মদ শাহ নেওয়াজ ও আইন বিষয়ক ব্যবস্থাপক আজরা নাজরিন রহমান।
চারজনকেই আগামী ২২ জুলাই তাদের আদালতে হাজির হয়ে হাই কোর্টের দেওয়া এক আদেশ লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
আবেদনকারীদের আইনজীবী আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ মার্চ হাই কোর্ট এক আদেশে স্বেচ্ছায় অবসর স্কিমের আওতায় যাদের চাকরি চলে গিয়েছিলো, পদ খালি বা পদ সৃষ্টি হলে তাদেরকে নিয়োগ দিতে বলেছিল।
“বিমান কর্তৃপক্ষ তাদের নিয়োগের পদক্ষেপ না নিয়ে শূন্যপদে অন্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ কারণে আমরা আদালত অবমাননার মামলা দায়ের করেছি,” বলেন তিনি।
আদালতের আদেশ অমান্যের কারণে কেন ব্যবস্থা নেওয়া হবে না, ১০ দিনের মধ্যে ওই চার কর্মকর্তাকে তার জবাব দিতে বলা হয়েছে।
বিমানের সাবেক দুই কমার্শিয়াল অফিসার মো. জাহাঙ্গীর আলম ও মো. সেলিম মিয়া আদালত অবমাননার এ আবেদনটি দায়ের করেন। তারা বিগত তত্ত্বাবধায় সরকারের আমলে ‘স্বেচ্ছায় অবসর স্কিম’র আওতায় অবসরে গিয়েছিলেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারি অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৯৫১ ঘ.
bdnews24