সিলেট, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাসের সম্মানী ভাতা পদ্মা সেতু নির্মাণ ‘তহবিলে’ দেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের মুক্তিযোদ্ধারা।
সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত সকল ইউনিট কমান্ডের যৌথ সভায় এ কথা জানানো হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শামছুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ঘোষণাকে সিলেটের মুক্তিযোদ্ধারা স্বাগত জানিয়েছেন।
“তার সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ জেলার মুক্তিযোদ্ধারা পদ্মা সেতু নির্মাণের জন্য এক মাসের সম্মানী ভাতা প্রধানমন্ত্রীর তহবিলে অথবা পদ্মা সেতু নির্মাণে কোনো তহবিল গঠিত হলে সেখানে দেবেন,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমডি/১৮২১ ঘ.
bdnews24