ফেনী, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গার্মেন্টস সামগ্রী ভর্তি একটি কাভার্ড ভ্যান ছিনতাই করে পালানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ফেনী হাইওয়ে পুলিশ।
সোমবার ফেনীর কসকা থেকে আটক মানিক মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
ফেনী হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপুরে ৮/১০ জন আন্তঃজেলা ডাকাত র্যাব পরিচয় দিয়ে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান থামায়। ভ্যানটিতে করে গাজীপুরের স্কয়ার গার্মেন্টসের ২০০ কার্টন শিশু পোশাক রপ্তানির জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল।
পরে ভ্যানের চালক ও তার সহকারীকে মাথায় আঘাত করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। আরো কিছুক্ষণ পর চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে তাদের নামিয়ে দিয়ে তারা আরেকটি রুটে আবার ফেনীর দিকে চলে যায়।
এদিকে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী জোরারগঞ্জ হাইওয়ে পুলিশকে ঘটনাটি জানালে তারা জোরারগঞ্জ ও মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়িকে জানায়। পরে ফেনীর কসকা থেকে মাইক্রো বাসসহ মানিক মিয়াকে আটক করা হয়। বাকিরা পালিয়ে গেছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮১২ ঘ.
bdnews24