চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ওমর গণি এম ই এস কলেজের দুই শিক্ষার্থীকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে কলেজের গেট থেকে বিপ্লব কুমার দাশ (১৮) ও মো. সাজ্জাদ হোসাইনকে (১৯) গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একাদশ শ্রেণীর ওই দুই শিক্ষার্থী ধারালো ছুরি ও চাপাতিসহ কলেজে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
এরপর থানায় নিয়ে তাদের বিরুদ্ধে মামলা মামলা করা হয়। বিপ্লব ও সাজ্জাদ কলেজের ছাত্রলীগকর্মী হিসেবে পরিচিত।
এর আগে রোববার কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের ‘ওয়াসিম’ ও ‘বাচ্চু’ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই প্রক্ষের ছয়জন আহত হয়।
‘ওয়াসিমের’ পক্ষের ওয়াসিম উদ্দিন চৌধুরী কলেজ ছাত্র সংসদের সহ সভাপতি (ভিপি) ও ‘বাচ্চুর’ পক্ষের আরসাদুল আলম বাচ্চু সাধারণ সম্পাদক (জিএস)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৬৫৭ ঘ.
bdnews24