ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারক ছুটিতে থাকায় প্রায় পাঁচ বছর আগে বিতর্র্কিত ব্যবসায়ী আমিন হুদা ও তার প্রতিষ্ঠানের এক কর্মচারীর বিরুদ্ধে দায়ের করা আলাদা দুটি মাদক মামলায় রায়ের তারিখ পিছিয়েছে।
রোববার ঢাকার সংশ্লিষ্ট আদালতের বিচারক মোতাহার হোসেনের পক্ষে পেশকার মো. আবুল কালাম জানান, আগামী ১৫ জুলাই রায় হবে।
২০০৭ সালের ২৫ অক্টোবর গুলশানের দুটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির কাঁচামাল ও রাসায়নিক, যন্ত্রপাতি ও বিভিন্ন নিষিদ্ধ সামগ্রীসহ আমিন হুদা এবং তার কর্মচারী আহসানুল হককে গ্রেপ্তার করে র্যাব।
ওই সময় তাদের কাছ থেকে অবৈধ টেলিফোন যন্ত্রপাতি (ভিওআইপি), বিদেশি মদ, ফেনসিডিলও উদ্ধার করা হয়।
পরে ২৬ অক্টোবরে তাদের বিরুদ্ধে গুলশান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়। ওই বছরের ২৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় র্যাব।
রায়ের জন্য নির্ধারিত দুই মামলার একটিতে ২০০৮ সালের ১৬ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি অন্যটিতে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
ওই বছরের ৩১ জুলাই আমিন হুদা হাই কোর্ট থেকে জামিন পান। পরে জামিন নেন আহসান। তাদের পক্ষে হাই কোর্টে মামলা দুটি বাতিল চান তাদের আইনজীবী আনিসুল হক।
মাদক সংক্রান্ত মামলা তদন্তের এখতিয়ার র্যাবের নেই জানিয়ে মামলা দুটি বাতিল করে হাই কোর্ট। তবে রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যান এবং পক্ষে রায় পায়।
ঢাকার আদালতে দুই মামলায় রাষ্ট্রপক্ষে ৩৮ জন সাক্ষ্য দেন। গত গত ১ জুলাই যুক্তিতর্কের শুনানি শেষে আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/০০০২ ঘ.
bdnews24