ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে তহবিল সংগ্রহে মোবাইল ফোন গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রস্তাব দিয়েছেন স্পিকার আব্দুল হামিদ।
পদ্মা সেতু নিয়ে রোববার সংসদে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের বক্তব্যের প্রেক্ষাপটে স্পিকার বলেন, “আমার একটা প্রস্তাব আছে। প্রত্যেক কলে ২৫ পয়সা নিয়ে দেশকে সেতু নির্মাণে সহায়তা করা যায়। এতে অনেক পয়সা আসবে।”
এ ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করতে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলার জন্য আহ্বান জানান স্পিকার।
দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯ জুন বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক।
২৯০ কোটি ডলারের এ প্রকল্পে অর্থায়ন থেকে বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর নিজস্ব অর্থায়নে এ সেতু করার পক্ষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববারও তিনি সংসদে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার রূপরেখা তুলে ধরেছেন। অবশ্য এই প্রকল্পে বিদেশিদের অংশগ্রহণের পথও খোলা রয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে আজিম বলেন, “পদ্মা সেতুর অর্থায়ন গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এর অর্থায়ন করতে পারবো। আমরা আপনার সাথে আছি। তবে বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক নিরপেক্ষ প্রতিষ্ঠান। আমরা চেষ্টা করি, বিশ্ব ব্যাংককে দিয়েই করাই।”
স্পিকার আব্দুল হামিদ বলেন, প্রধান বিরোধী দল বিএনপি সংসদ অধিবেশনে থাকলে তাদের দেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ মুলতবি প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা করার সুযোগ ছিল।
বিএনপির সাংসদরা এই অধিবেশনে অনেকগুলি মুলতবি প্রস্তাব দিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, বাজেট পাসের পর এসব মুলতবি প্রস্তাবের মধ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারতো। তবে বিরোধী দল না থাকায় এ নিয়ে আলোচনা হচ্ছে না।
সমাপনী ভাষণে স্পিকার বলেন, সংসদ প্রাণবন্ত হয়ে ওঠে বিতর্কের মাধ্যমে। সংসদীয় বিতর্কে বিরোধীদলই মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু দুঃখজনক হলো এবারের বাজেট অধিবেশনে বিরোধী দল যোগ দেয়নি।
বিরোধীদল বাজেট আলোচনায় অংশ নিলে দেশবাসী উপকৃত হতো বলেও মনে করেন স্পিকার।
এই অধিবেশনে মোট কার্যদিবস ২৯ জানিয়ে স্পিকার বলেন, অধিবেশনে এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট পাশ হয়েছে। বাজেট বক্তৃতায় ২১৩ জন সংসদ সদস্য অংশ নেন। বাজেটের ওপর আলোচনা হয়েছে ৪৬ ঘণ্টা ৩০ মিনিট।
“অধিবেশনে ৩১টি সরকারি বিলের মধ্যে ১৫টি পাশ হয়েছে। ৭১ বিধিতে পাওয়া ৫৩৭টি নোটিশের মধ্যে ২৭ গৃহীত হয়। আলোচনা হয়েছে ২১টি। প্রধানমন্ত্রী মোট ৬৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন। মন্ত্রীরা দুই হাজার ১৪৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন। এছাড়া কয়েকজন মন্ত্রী সমসাময়িক বিষয়ে বিবৃতি দিয়েছেন।”
বিরোধীদলের সাংসদরা বাজেট অধিবেশনে উপস্থিত না থাকলেও একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, “আমি ব্যক্তিগতভাবে এই অধিবেশন উপভোগ করেছি।”
তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে তা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউএম/এএইচ/এমআই/২২৪৪ ঘ.
bdnews24