সাতক্ষীরা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোলাখালী গ্রামে সুন্দরবনের একটি বাঘ ঢুকে পড়েছে।
সুন্দরবন সংলগ্ন নদী পার হয়ে রোবাবার দুপুরে বাঘটি লোকালয়ে প্রবেশ করেছে বলে বনবিভাগ ও স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা আলাউদ্দীন হোসেন বলেন, গোলাখালী গ্রামের বিমল ম-ল বাঘটি প্রথম দেখতে পান। তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসে। পওে তারা বনবিভাগে খবর দেয়।
স্টেশন কর্মকর্তা আরো বলেন, তিনিসহ বনবিভাগের সদস্যরা এবং একটি টাইগার টিম ঘটনাস্থলে যায়। সেখানে তারা প্রথমে কয়েকশ‘ পটকা ফাটিয়ে এবং বিভিন্ন ধরনের শব্দ করে বাঘটিকে সুন্দরবনে ফেরত পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হন। বনবিভাগের সদস্যরা ৮/১০ রাউন্ড গুলিবর্ষণও করেন। তাতেও কোনো ফল না হওয়ায় রেঞ্জ কর্মকর্তা তৌফিকুল ইসলামকে বিষয়টি অবহিত করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা (এসিএিফ) তৌফিকুল ইসলাম বলেন, বনের সীমানা খালের একটি ছোট বেড়িবাঁধে বাঘটি শুয়ে আছে। বনবিভাগের সদস্যরাও ঘটনাস্থলে অবস্থান করছেন। সেখানে দূরত্ব বজায় রেখে সীমানা খালের কিছু এলাকা জাল দিয়ে ঘিরে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরো বলেন, বাঘটি লোকালয়ে প্রবেশ করলেও কোনো ক্ষয়ক্ষতি করেনি। ট্র্যাংকুলাইজার ব্যবহার করে বাঘটি ধরে গভীর সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে।
এদিকে লোকালয়ে বাঘ প্রবেশ করায় বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24