২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছাঁটাই’ নিয়ম মেনে, দাবি গ্রামীণফোনের

অতিরিক্ত জনবল কমানোর অংশ হিসেবে বাদপড়া কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হচ্ছে বলেও জানিয়েছেন গ্রামীণফোনের জনসংযোগ বিভাগের প্রধান কাজী মনিরুল কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাঁটাই নয়, পুনর্গঠনের অংশ হিসেবে অতিরিক্ত কর্মী প্রতিষ্ঠান থেকে বাদ পড়ছেন এবং নিয়ম অনুযায়ী তাদের প্রাপ্য সব সুবিধা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের এক দল কর্মী কর্মচ্যুতির কথা জেনে রোববার সকালে গুলশানের বসুন্ধরায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় জিপি হাউসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভকারীরা অন্য কর্মীদের কার্যালয়ে ঢুকতে বাধা দেয় বলেও জানিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। দুপুরে তাদের সঙ্গে আলোচনায় বসে কর্তৃপক্ষ। আলোচনার পর গ্রামীণফোনের প্রধান জনসংযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের বলেন, “আলোচনা চলছে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।” গ্রামীণফোন কর্মকর্তারা জানান, নিয়ম অনুসরণ করেই ৪৮ জন কর্মচারীকে কর্মচ্যুতির নোটিস দেওয়া হয়। “গ্রামীণফোনে কর্মী ছাঁটাই আইন অনুযায়ী হয় এবং এ বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে জানানো হয়েছে,” বলেন মনিরুল কবির। কর্মচ্যুতির এই বিষয়টি প্রতিষ্ঠান পুনর্গঠন প্রক্রিয়ার অংশ দাবি করে তিনি বলেন, “একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই রিফর্ম প্রসেস করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ হতে যারা পারেন না, তাদের আইন অনুযায়ী ছাঁটাই করা হয়।” যে ৪৮ জন কর্মচারী কর্মচ্যুত হয়েছেন, তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি জানিয়ে মনিরুল কবির বলেন, “তাদের আইন অনুযায়ী নোটিস দেওয়া হয় এবং এরপর থেকে তারা ছুটিতে ছিলেন। আজ সকালে তারা অফিসে প্রবেশ করতে না পেরে অন্যান্য কর্মচারীদের প্রবেশে বাধা দেয়।” সকালে কার্যালয়ের মূল ফটকে বিক্ষোভের সময় কিছু বহিরাগত ছিল বলেও দাবি করেন তিনি। বাধার মুখে সকালের শিফটের যারা কার্যালয়ে ঢুকতে পারেননি, তাদের বাসায় বসে অনলাইনে কাজ করতে বলা হয় বলে জানান গ্রামীণফোন কর্মকর্তা। আগামীতে আরো কর্মী ছাঁটাই হবে কি না- জানতে চাইলে মনিরুল কবির বলেন, “গ্রামীণফোন টার্গেট নিয়ে ছাঁটাই করে না। টেলিকম ইন্ডাস্ট্রি একটি ডায়নমিক ইন্ডাস্ট্রি, সেখানে সব সময় প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। তাই এর জন্য র্কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণের পর যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না, তাদের চলে যেতে হয়।” অতিরিক্ত জনবল বাদ দেওয়ার পাশাপাশি নতুন প্রযুক্তির জন্য নতুন কর্মী নিয়োগও দেওয়া হয় বলে জানান তিনি। গ্রামীণফোনের উচ্চ পদস্থরা ছাঁটাই প্রক্রিয়ায় আসেন না বলে যে অভিযোগ উঠেছে, তা জবাবে মনিরুল কবির বলেন, “উচ্চ পদস্থ থেকে সাধারণ কর্মী- সবাইকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, গত কয়েক বছরের হিসাব করলে দেখা যাবে উচ্চ পদস্থ অনেক কর্মকর্তাদেরও এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।” গ্রামীনফোন গত এক বছরে জনবল ১৫০ জন কমিয়েছে বলে বলে জানান তিনি। গ্রামীণফোনে কোনো এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রয়েছে কি না জানতে চাইলে মনিরুল কবির বলেন, “এই বিষয়ে অ্যাসোসিয়েশনের একটি ই-মেইল আমরা আজ সকালে পেয়েছি। টেলিনরের আইন অনুযায়ী, অ্যাসোসিয়েশন করার সুযোগ রয়েছে। তবে তা হতে হবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে।” কর্মচ্যুত কর্মচারীরা গ্রামীণফোন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ব্যানারে জিপি হাউজের সামনে অবস্থান নেয়। নিজেকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে শফিকুর রহমান মাসুদ সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষের কাছে তাদের পাঁচটি দাবি রয়েছে। তাদের অভিযোগ, গ্রামীণফোন কর্তৃপক্ষ অনৈতিকভাবে ছাঁটাই করছে। কর্মচ্যুতির বিষয়টিও জানানো হয়েছে মৌখিকভাবে। এটি বন্ধসহ তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- যৌক্তিকহারে বার্ষিক ইনক্রিমেন্ট ঘোষণা করা, ছাঁটাই হওয়া কর্মীদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, ৫% মুনাফা লভ্যাংশসহ বকেয়া প্রদান, কোম্পানির সব বেআইনি কার্যক্রমের জন্য দায়ী ব্যক্তিদের বিচার। বিটিআরসি চেয়ারম্যানের ফোন কর্মী অসন্তোষের ঘটনায় বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসনের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সন্ধ্যায় তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “গ্রামীণফোনের সিইওর সঙ্গে আলোচনায় কর্মচারী বিক্ষোভের ঘটনায় কোনো সিদ্ধান্তে আসতে ধীর গতিতে এগুতে বলা হয়েছে এবং পরিস্থিতি শান্ত করার জন্য বলা হয়েছে।” জিয়া আহমেদ সাংবাদিকদের জানান, কমিশন গ্রামীণফোনের কাছে চারটি বিষয়ে সুস্পষ্ট তথ্য চেয়ে চিঠি দিয়েছে। চারটি বিষয় হল- গ্রামীণফোন বিদ্যমান কর্মী নিয়োগ পদ্ধতি, বর্তমান অগ্রানোগ্রাম, ভবিষ্যৎ পরিকল্পিত অর্গানোগ্রাম এবং ব্যবস্থাপক ও তদুর্ধ পদে অনুমোদিত প্রতি পদের বিপরীতে বাস্তবে কতজন নিয়োজিত রয়েছেন তার বিস্তারিত তালিকা। গ্রামীণফোনের চাকরি বিধিমালা, পুনর্গঠন নীতিমালার অনুলিপি এবং যাদের পুনঃপরীক্ষা নেওয়া হয়েছে তাদের পরীক্ষা গ্রহণের বিধান এবং পদ্ধতির বিস্তারিত বিবরণ, গ্রামীণফোনে পরিচালকের নিচে এবং ওপরের কর্মকর্তাদের বিবরণও চেয়েছে বিটিআরসি। বিটিআরসি চেয়ারম্যান বলেন, আগামী ১১ জুলাইয়ের মধ্যে এসব তথ্য কমিশনে পাঠাতে গ্রামীণফোনকে চিঠি দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এলএইচ/এআরএইচ/এমআই/১৯৫১ ঘ. গ্রামীণফোনের বক্তব্য