ঢাকা, ৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরায় দিয়াবাড়ি এলাকায় রাজউকের সাইট অফিসে আগুন ও ভাংচুরের ঘটনায় আড়াই হাজার লোকের বিরুদ্ধে মামলা করেছে রাজউক কর্তৃপক্ষ।
রাজউকের প্রকল্প পরিচালক ফিরোজ আলম শনিবার গভীর রাতে এই মামলা দায়ের করেন বলে জানান তুরাগ থানার ওসি জিয়াউল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভূমি অধিগ্রহণের গুজবে উত্তরার তুরাগ থানা এলাকার রাজউকের একটি সাইট কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে হরিরামপুর ইউনিয়নের বিক্ষুদ্ধ লোকজন।
“মামলায় অজ্ঞাতপরিচয় দুই থেকে আড়াই হাজার লোককে আসামি করা হয়েছে”, বলেন ওসি।
জিয়াউল করিম জানান, স্থানীয়রা রোববার সকালেও বিক্ষোভ করেছে, তবে অপ্রীতিকর কিছু ঘটেনি। সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৬৩৫ ঘ.
bdnews24