২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসি সম্মেলন‘গতবারের ৮১ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে’

গতবছর জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনে যেসব সিদ্ধান্ত হয়েছিল, তার প্রায় ৮১ শতাংশই বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 06:46 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতবছর জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনে যেসব সিদ্ধান্ত হয়েছিল, তার প্রায় ৮১ শতাংশই বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। ‘ডিসি সম্মেলন ২০১২’ উপলক্ষে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত সম্মেলনে নেওয়া ৫২৩টি সিদ্ধান্তের মধ্যে ৪২৭টিই ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। “তবে জেলা শিক্ষা কর্মকর্তার পদবি পরিবর্তন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দুর্গম এলাকায় দায়িত্ব পালন ভাতা, ভূমি নিবন্ধনের ক্ষেত্রে প্রত্যেকের জন্য পৃথক হিসাব খোলাসহ বেশকিছু সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজন না থাকায় তা করা হয়নি।” সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলনে সচিব জানান, সরকারের নীতি-নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য ১০ জুলাই ঢাকায় তিনদিনের ডিসি সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে তার কার্যালয়ে এ সম্মেলনের উদ্বোধন করবেন। পরে তিনি ডিসিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেবেন। জেলা প্রশাসকরা বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনের যাবেন। সেখানে তিনিও ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। পরে তিনি ডিসিদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এছাড়া তিন দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা আরো ১৯টি অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন। গত ডিসি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রসঙ্গে মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, “সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি ৮১ শতাংশ। স্বল্পমেয়াদী ১৫১টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়ন হয়েছে ১৪৯টি। এ অগ্রগতি অত্যন্ত সন্তোষজনক। স্বল্পমেয়াদী সিদ্ধান্তের মধ্যে প্রত্যেক উপজেলায় অন্তত একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম শুরু, প্রাথমিক বিদ্যালয়ে এমএলএসএস (পিয়ন) বা নৈশপ্রহরী (নাইটগার্ড) নিয়োগ, উপজেলা পর্যায়ে তথ্য-প্রযুক্তি কেন্দ্র স্থাপন, ভারত থেকে আনুষ্ঠানিকভাবে গরু আমদানি, চা শ্রমিকদের রেশনিং এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য তথ্য-ভাণ্ডার গড়ে তোলার সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আসন্ন সম্মেলনে ৩৮টি মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ৪৬৬টি প্রস্তাব ডিসিদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে- ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্ম-সৃজন, দারিদ্র বিমোচন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার, প্রবাসী পরিবারের সদস্যদের সেবা, ক্ষুদ্র শিল্প উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনা, সার ও কৃষি উপকরণ বিতরণ ও স্বাস্থ্য সেবা খাত। সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে দ্বন্দ্বের কথা স্বীকার করে তিনি বলেন, “দ্বন্দ্ব থাকাটা স্বাভাবিক। কারণ তিনটি পর্যায়ের দায়িত্বশীলদের ভিন্নমত থাকতে পারে। দ্বন্দ্ব নিরসন করে সহযোগিতার ভিত্তিতে কাজ করাই মাঠ প্রশাসনের কর্মকর্তাদের চ্যালেঞ্জ।” যুগ্ম-সচিব পর্যায়ে পদোন্নতির পরও কর্মকর্তাদের ডিসি হিসাবে রাখা প্রসঙ্গে তিনি বলেন, “এটা সাময়িক ব্যবস্থা। পদ পাওয়া গেলেই তাদের সরিয়ে উপসচিবদের ওই পদে বসানো হবে।” এ প্রসঙ্গে ভারতের উদাহরণ দিয়ে সচিব বলেন, ভারতে বিভিন্ন প্রকল্পে নিয়োজিত কর্মকর্তাদের পদোন্নতির পরও আগের পদে বহাল রাখা হয়। কারণ তাদের সরিয়ে দেওয়া হলে প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশেও এ ধরনের পদ্ধতি চালু করা যায় কিনা, তা ভাবা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১২৩৫ ঘ.