২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাক্তার পদবী ব্যবহারে অনুমতির দাবি পল্লী চিকিৎসকদের

পল্লী চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবী ব্যবহারের অনুমতির দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লী চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবী ব্যবহারের অনুমতির দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি। শনিবার রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. সবুজ আলী এ দাবি জানান। তিনি বলেন, ২০১০ সালে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নামে একটি আইন পাশ হয়েছে। ওই আইনে কেবল এমবিবিএস ও বিডিএস ডিগ্রীপ্রাপ্ত চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবী ব্যবহারের কথা বলা হয়েছে। এছাড়া নিবন্ধন ছাড়া কেউ চিকিৎসা সেবা দিতে পারবে না বলেও ওই আইনে বলা হয়েছে। পল্লী চিকিৎসক সমিতির সভাপতি বলেন, সারাদেশে ডিপ্লোমা ডিগ্রীধারী ৬০ হাজার পল্লী চিকিৎসক রয়েছেন। এসব চিকিৎসক যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসলেও তারা ডাক্তার পদবী ব্যবহার করতে পারছেন না। “২০১০ সালের ওই আইন অমান্য করলে ন্যূনতম এক লাখ টাকা জরিমানা বা তিন বছরের জেল বা উভয় দ-ে দ-িত হওয়ার বিধান থাকায় অনেক পল্লী চিকিৎসক মানসিকভাবে ভেঙে পড়েছেন ।” এ প্রসঙ্গে সভাপতি সবুজ আলী যুক্তি দেখান যে, দেশের ৮৫ শতাংশ মানুষ গ্রামে বাস করে। আর এই বিশাল জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেন পল্লী চিকিৎসকরা। তাই তাদের নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে দেওয়া উচিত। এজন্য আইন সংশোধন করতে গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত আবেদন জানানো হয় বলে উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/এইচএ/১৮৩৫ ঘ.