নারায়ণগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার ও র্যাব নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ’ আখ্যায়িত করে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, সংস্থাটি মাত্রা অতিক্রম করেছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. মিজান বলেন, “র্যাব বা অন্য কোনো বাহিনী থাকবে নাকি বিলুপ্ত করে দেওয়া হবে এর সুপারিশ কোন বিদেশি সংস্থা বা সংগঠন আমাদেরকে করতে পারে না। তাদেরও জানা উচিত কত দূর পর্যন্ত তারা যেতে পারেন, কী সুপারিশ তারা করতে পারেন। কোন বিদেশি সংস্থা বা সংগঠন এমন কথা বলতে পারে না।”
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সংস্থাটির এ ধরনের বক্তব্যকে ‘মাত্রা অতিক্রম’ বলেও মন্তব্য করেন তিনি।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় সন্দেহভাজন ও অভিযুক্তদের ওপর নির্যাতনের অভিযোগ এবং র্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, বিচারের জন্য আটক অন্তত ৪৭ জন বিডিআর সদস্য হাজতে থাকা অবস্থায় ‘নিহত’ হয়েছেন। তাদের ওপর নির্যাতন চালানোর প্রমাণ হিউম্যান রাইটস ওয়াচের হাতে রয়েছে।
এ ছাড়া বিচার বহির্ভূত হত্যাকা-ের জন্য র্যাবকে দায়ী করে এই বাহিনীকে ভেঙে দেওয়ার সুপারিশও এসেছে প্রতিবেদনে।
ড. মিজান বলেন, “মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের উৎকণ্ঠা থাকতে পারে। তবে তারা একটি বাহিনী থাকবে কী থাকবে না সে ব্যাপারে একটি রাষ্ট্রকে ওভাবে কিছু বলতে পারেন না।”
অনুষ্ঠানে যোগ দিতে আসা অপর আলোচক জাতীয় আইন ও সালিশ কেন্দ্রের নিবার্হী পরিচালক সুলতানা কামাল বলেন, এ বিষয়ে তারা দীর্ঘদিন ধরেই কথা বলছেন।
“র্যাবকে যে কাজে নিয়োজিত করা হয়েছিল- সেটার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রেখে র্যাবকে কাজ করতে দেওয়া উচিত। এখন আমরা র্যাবের যে কাজকর্ম দেখছি তারা তাদের কাজের বাইরে চলে গেছে।”
র্যাবের বিভিন্ন অভিযান পরবর্তী সংবাদ বিজ্ঞপ্তি ‘বিশ্বাসযোগ্য নয়’ বলেও মন্তব্য করেন সুলতানা কামাল।
তিনি বলেন, “আমরা র্যাবকে পুরোপুরি নিষিদ্ধ বা তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা বলিনি। আমরা বলেছি, র্যাবকে দায়িত্ব অনুযায়ী কাজ করতে দিতে হবে। র্যাব কিছু ক্ষেত্রে ভাল কাজ করেছে। সেই কাজগুলো তারা করে যেতে পারে।”
বিডিআর বিদ্রোহের বিচার প্রসঙ্গে আসক নির্বাহী পরিচালক বলেন, “বিডিআরের ঘটনার বিচার অবশ্যই হওয়া উচিত, তবে তা ন্যায় বিচারের নিয়ম মেনে হতে হবে।
“এক্ষেত্রে একই সঙ্গে ৪/৫শ’ জনের বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে। একটি ঘরে উপস্থিত করে বিচার কাজ পরিচালনা করা হচ্ছে। যারা অভিযোগ আনছেন, তারাই ওকালতি করছেন, আবার তারাই রায় দিচ্ছেন। আমাদের বক্তব্য- এটি সাংবাধিক নিয়মনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
পরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির মিলনতায়নে মানবাধিকার আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় তারা যোগ দেন।
সংগঠনের নারায়ণগঞ্জ শাখার সভাপতি খলিলুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৫৩ ঘ.
bdnews24