২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে যুবলীগের মিছিলে পুলিশের হামলা

সুনামগঞ্জে পুলিশ ও আওয়ামী যুবলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

সুনামগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে পুলিশ ও আওয়ামী যুবলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে। শনিবার দুপুর দেড়টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংগঠনের আহ্বায়কের বিরুদ্ধে যুবলীগের একদল কর্মী ওই মিছিল বের করেছিল। পুলিশের লাঠিপেটায় আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- জেলা যুবলীগ নেতা সুলেমান তালুকদার (৩৪), শিমন চৌধুরী (২৮), অলিমান (৩৫), জুয়েল (২৮), সেলিম (২৫), দিলীপ (৩১) ও কালিপদ (২৭)। সুনামগঞ্জ সদর থানার থানার ওসি আবদুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশৃঙ্খলার চেষ্টা চালানো হলে মিছিলকারীদের ওপর পুলিশ লাটিচার্জ করে।” জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুলেমান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল কবির ইমন একক সিদ্ধান্তে জেলার সাতটি উপজেলা কমিটি গঠন করেছেন। এতে বাদ পড়েছেন দলের ত্যাগী নেতাকর্মীরা। “এর প্রতিবাদে আমাদের ঝাড়–মিছিলে পরিকল্পিতভাবে পুলিশ হামলা চালিয়েছে,” বলেন তিনি। তবে, এনামুল কবির দাবি করেন, ত্যাগী এবং তৃণমূলের নেতাকর্মীদের নিয়েই গত ২৫ জুন উপজেলা কমিটিগুলো গঠন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে শহরের উকিলপাড়া থেকে জেলা যুবলীগের একাংশের নেতাকর্মীরা জেলার সাত উপজেলার কমিটি বাতিলের দাবিতে ঝাড়–মিছিল বের করে। মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় পৌঁছলে সদর থানা পুলিশ লাটিচার্জ শুরু করে। এতে সাত যুবলীগ নেতাকর্মী আহত হয়। এ সময় পুলিশের ওপর যুবলীগ নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩৬ ঘ.