ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি অধিগ্রহণের গুজবে রাজধানীর উত্তরায় রাজউক কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে হরিরামপুর ইউনিয়নের প্রায় তিন শতাধিক বাসিন্দা।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নিশারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরিরামপুর ইউনিয়নের ৬শ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে- এমন গুজবে প্রায় তিন শতাধিক জনতা রাজউক কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়।
এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
এনামুল হক নামে হরিরামপুর ইউনিয়নের দিয়াবাড়ির এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজউক তাদের একটি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করবে এমন সংবাদ দিয়ে হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যানকে একটি চিঠি পাঠায় বলে খবর পাই।”
তিনি জানান, এ খবরে শনিবার এলাকাবাসী জড়ো হয়ে রাজউক কার্যালয়ে গিয়ে অফিস তালাবদ্ধ দেখে ক্ষিপ্ত হয়। একপর্যায়ে তারা তালা ভেঙে অফিসে ঢুকে চেয়ার টেবিল ভেঙে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
পুলিশের সঙ্গে এলাকাবাসীর প্রায় এক ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে বলে তিনি জানান।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, আগুনের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে উপ কমিশনার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/আরএ/১৫৩৬ ঘ.
bdnews24