চাঁদপুর, জুলাই ০৭ ৯বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জের সেকদী এলাকায় বাস সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
শনিবার সকালে এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী তিন ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখে।
নিহত শরীফ মিজির (৬৫) বাড়ি লক্ষ্মীপুর জেলার চরপাতা এলাকায়। তিনি ফরিদগঞ্জ থেকে অটোরিক্সাযোগে চাঁদপুর হয়ে ঢাকা যাওয়ার জন্য আসছিলেন।
আহতদের মধ্যে বিল্লাল গাজী (৩৫), মোক্তার হোসেন (২৮) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত ব্যক্তি পরিচয় জানা যায়নি, তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফরিদগঞ্জ থেকে চাঁদপুরগামী একটি সিএনজি অটোরিকশাকে বিপরিত থেকে আসা পদ্মা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে অটোরিকশার একজন যাত্রী নিহত এবং অপর তিন যাত্রী গুরুতর আহত হন।
আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১৫ঘ.
bdnews24