২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আহমেদের পাশে ভাই জাফর ইকবাল

চিকিৎসকদের উদ্ধৃত করে জাফর ইকবাল বলেছেন, তার ভাইয়ের চিকিৎসা সুষ্ঠুভাবেই চলছে এবং অগ্রগতিও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 03:42 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সারের চিকিৎসা গ্রহণরত হুমায়ূন আহমেদকে দেখে এসেছেন ছোট ভাই অধ্যাপক জাফর ইকবাল। স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হককে নিয়ে শুক্রবার দিনভর হাসপাতালেই ছিলেন জাফর ইকবাল। চিকিৎসকদের উদ্ধৃত করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসা সুষ্ঠুভাবেই চলছে এবং অগ্রগতিও রয়েছে।” অস্ত্রোপচারের পর ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে রয়েছেন হুমায়ূন আহমেদ। তবে কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে, সে বিষয়ে চিকিৎসকরা কিছু বলেননি বলে জানান জাফর ইকবাল। প্রবাসে হুমায়ূনের ঘনিষ্ঠজন গাজী আবুল কাশেম চিকিৎসকদের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, যেহেতু লেখকের দেহে দীর্ঘদিন থেকে কেমোথেরাপি দেওয়া হয়েছে এবং স্বল্প সময়ের ব্যবধানে দুই বার অস্ত্রোপচার করা হয়েছে, সেজন্যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে। এই কারণে লেখকের সুস্থ হয়ে উঠতে একটু বেশি সময় লাগতে পারে। গত ১২ জুন অস্ত্রোপচারের এক সপ্তাহ পর হুমায়ূন বাসায় ফিরলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত সপ্তাহে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। ক্যান্সারের চিকিৎসার জন্যে গত বছরের ১৪ সেপ্টেম্বর হুমায়ূন নিউ ইয়র্কে আসেন। স্ত্রী মেহের আফরোজ শাওনসহ সন্তানদের নিয়ে কুইন্সে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছেন তিনি। অস্ত্রোপচারের আগে পরিবার-আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গত মাসে দুই সপ্তাহের জন্য দেশে আসেন হুমায়ূন। অস্ত্রোপচারের আগে ম্যানহাটনের বিশ্ববিখ্যাত স্লোয়ান মেমোরিয়্যাল ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে ১২টি কেমোথেরাপি দেওয়া হয় তাকে। এরই মধ্যে জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপদেষ্টা হিসেবে এই লেখককে নিয়োগ দেয় সরকার। ১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি। টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। এ জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৩৫ ঘ.