২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামবাগে ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

পুরান ঢাকার ইসলামবাগে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত এক ব্যবসায়ী হাসপাতালে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার ইসলামবাগে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত এক ব্যবসায়ী হাসপাতালে মারা গেছেন। গত বুধবার সকাল ১০ টার দিকে চকবাজার থানাধীন পশ্চিম ইসলামবাগে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন দেলোয়ার হোসেন দুলু (৪০) নামে এক ব্যবসায়ী। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুলুর মৃত্যু হয়। নিহতের ভাই কুদ্দুস মিয়া হাসপাতাল মর্গে সাংবাদিকদের বলেন, “পুলিশের সামনে তার ভাইকে ছুরি মেরে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা।” নিহত দুলুর ইসলামবাগে ‘সোনিয়া প্লাষ্টিক’ নামে একটি দোকান রয়েছে বলে তিনি জানান। চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে ইসলামবাগের চেয়ারম্যান গলিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোয়াজ্জেম হোসেন (২৮) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হন। ওই হত্যার ঘটনায় স্বজনরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দুলু এক নম্বর আসামি ছিলেন। ওসি বলেন, “বুধবার সকালে দুলু বোরকা পরে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ও মোয়াজ্জেমের স্বজনরা তাকে ধরে গণপিটুনি দেয়।” খবর পেয়ে পুলিশ এসে দুলুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গণপিটুনি দিলে দুলুর দেহে ছুরিকাঘাতের চিহ্ন কেন জানতে চাইলে ওসি মোহাম্মদ আলী বলেন, “ওই সময় কে কী দিয়ে মেরেছে তা কি কেউ লক্ষ্য করেছে?” “তবে দুলু বোরকা পড়ে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনির শিকার হন”, দাবি ওসির। ময়নাতদন্তের জন্য দুলুর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২০৩৫ ঘ.