২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনবাজারে ৬ ছাত্র হত্যাহয়রানি থেকে রেহাই চান বেঁচে যাওয়া আল আমিন

সাভারের আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র হত্যার ঘটনায় বেঁচে যাওয়া আল আমিনকে মামলার হয়রানি থেকে রেহাই দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র হত্যার ঘটনায় বেঁচে যাওয়া আল আমিন এখন বাঁচতে চান মামলার হয়রানি থেকে। তাকে এ থেকে রেহাই দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে তার পরিবার। গত বছরের ১৭ জুলাই শবে বরাতের রাতে আমিন বাজারের বড়দেশী গ্রামসংলগ্ন কেবলার চরে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। সে সময় তাদের সঙ্গে থাকা আল আমিন প্রাণে বেঁচে যান। পরে বিচার বিভাগীয় তদন্তে আল আমিন নিরপরাধ প্রমাণিত হলেও স্থানীয় এক বালু ব্যবসায়ীর করা ডাকাতির মামলায় তাকে প্রতিনিয়ত আদালতে হাজিরা দিতে হচ্ছে। মিরপুরের দারুস সালাম এলাকার আদি মসজিদের কাছে আল আমিনের বাসা। সেখানে দোতলা একটি বাড়ির একটি কক্ষে গাদাগাদি হয়ে বাস করে তার পরিবার। শুক্রবার সকালে বাড়িতে ঢুকতেই দেখা হলো আল আমিনের বাবা কবীর ব্যাপারীর সঙ্গে। তিনি বলেন, “দেশের সবাই জানেন, সেদিন কি হয়েছিল। তার পরেও আল আমিনকে নিয়ে আদালতে হাজিরা দিতে হচ্ছে। আমি স্বল্প আয়ের মানুষ, মামলা চালাবো না সংসার চালাবো? মামলার খরচ দিতে দিতে আমি নিঃস্ব হওয়ার পথে।” এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাহলে তাকে শাস্তি দিন। কিন্তু যদি নির্দোষ হয় তাহলে তাকে এবং যে ছয় জন ডাকাতির মামলা মাথায় নিয়ে কবরে শুয়ে আছে, তাদের এ হয়রানি থেকে মুক্তি দিন।” একথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। ঘটনার পরে ডাকাতির মামলায় আল আমিনকে প্রায়ই আদালতে হাজিরা দিতে হচ্ছে বলে জানান তিনি। “গত ৪ তারিখেও হাজিরা দিয়েছি। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদি পক্ষের মামলা তুলে নেওয়ার কথা থাকলেও এখনও তারা মামলা তুলে নেয়নি। পুলিশের তদন্ত প্রতিবেদন সম্পর্কেও ইদানিং কোনো কথা জানতে পারছি না,” বলেন তিনি। কেবলার চরে ওই ছয় ছাত্রকে হত্যা করার পর স্থানীয় বালু ব্যবসায়ী মালেক আল আমিনের বিরুদ্ধে ওই মামলা করে। পরে আলোচিত ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তে বেরিয়ে আসে যে, নিহত ছাত্ররা ডাকাত ছিল না এবং হত্যাকাণ্ড এড়াতে পুলিশ যথাযথ ভূমিকা পালন করেনি। আদালতের আদেশ সত্ত্বেও মামলা নিস্পত্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে কবীর বলেন, “গত মাসের ১ তারিখে এক মাসের মধ্যে এ মামলা নিস্পত্তি করার আদেশ দিয়েছে আদালত। এক মাসের বেশি সময় পার হলেও মামলার নিষ্পত্তি হচ্ছে না। আল আমিন অসুস্থ হয়ে পড়েছে, তার পরেও তাকে নিয়ে প্রায়ই আদালতে হাজিরা দিতে হয়।” এ সময় অনুপস্থিত আল আমিন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ঘটনার কথা মনে করলে এখনো সে ভয়ে শিউরে ওঠে, মাঝে মাঝেই রাতে দুঃস্বপ্ন দেখে আর্তনাদ করে ওঠে।” এদিকে আমিন বাজারে গণপিটুনিতে হত্যার করা আরেকটি মামলায় ২০ মার্চ আবদুল মালেক এবং আবদুল হামিদ নামে আরেক বালু ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পাঠায় সিআইডি। ওই সময় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রাশেদ ও রানার নাম প্রকাশ করে। নিহত ছাত্রদের ডাকাত সন্দেহে হত্যা করায় সাভার থানা পুলিশও একটি মামলা করে, যাতে অজ্ঞাত পরিচয় গ্রামবাসীদের আসামি করেন ওই থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএএইচ/এসইউ/১৯৪৭ ঘ.