২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পানির স্তর নামছে, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

বন্দর নগরীতে গত বিশ বছরে পানির স্তর কোথাও কোথাও ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত নিচে নেমে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরী চট্টগ্রামে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নামছে। এ অবস্থা অব্যাহত থাকলে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নগরীতে গত বিশ বছরে পানির স্তর স্থান ভেদে ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত নিচে নেমে গেছে। এছাড়া নগরবাসীর প্রয়োজনে ভূ-গর্ভ থেকে প্রতিদিন মোট কত লিটার পানি তোলা হচ্ছে তারও কোনো হিসেব নেই চট্টগ্রাম ওয়াসার কাছে। বিশেষজ্ঞরা বলছেন, গভীর নলকূপ দিয়ে অধিক পরিমাণে পানি উত্তোলন, অপরিকল্পিত নগরায়ন, মাটির পানি শোষণ ক্ষমতা কমে যাওয়া, বৃষ্টির পানি ভূপৃষ্ঠের নিচে যেতে না পারায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামছে। এর ফলে ভূূমি দেবে যাওয়া, ভবন দেবে যাওয়া, পাহাড়ি এলাকায় ভূমিধস এবং পানিতে আর্সেনিকের মাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ব্যাপারে এখনই সতর্ক হওয়া উচিত। চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী এ কে এম আবুল করিম চৌধুরী জানান, বর্তমানে ওয়াসা নগরীতে ৯২ টি গভীর নলকূপ দিয়ে প্রতিদিন ১১০ মিলিয়ন লিটার পানি উত্তোলন করছে। এছাড়া ওয়াসার অনুমোদন নিয়ে নগরীতে ২ হাজার ২২০ টি ব্যক্তিগত গভীর নলকূপ সচল রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে এসব নলকূপ থেকে দৈনিক কত লিটার পানি উত্তোলন হচ্ছে তার কোনো হিসাব ওয়াসার কাছে নেই। প্রধান প্রকৌশলী বলেন, “আগ্রাবাদ ও হালিশহর এলাকায় আগে ভূপৃষ্ঠের ১৫০ থেকে ২০০ ফুট নিচেই পানি পাওয়া যেত। এখন সেসব স্থানে পানির জন্য ২৫০ থেকে ৩০০ ফুট নিচে যেতে হচ্ছে। নগরীর প্রায় প্রতিটি স্থানেই ভূগর্ভস্থ পানিস্তরের একই অবস্থা। বৃষ্টির পানি মাটির নিচে যেতে না পারা এর অন্যতম কারণ।” বৃষ্টির পানির ১০ শতাংশ বাষ্পীভূত হয়, নদীতে বা ভূপৃষ্ঠে জমে থাকে ১০ শতাংশ এবং ৮০ শতাংশ ভূ-গর্ভে চলে যায়। কিন্তু বর্তমানে চট্টগ্রাম মহানগরীতে ভূ-গর্ভে বৃষ্টির পানি যাওয়ার পরিমাণ ১০ শতাংশেরও কম। “নগরীর ড্রেনগুলোর নিচে ঢালাই, বাড়ির চারদিকে ঢালাই, সড়ক দ্বীপের ফাঁকা স্থান ঢালাই করে দেওয়ায় পানি ভূগর্ভে যেতে পারছে না”, যোগ করেন প্রধান প্রকৌশলী আবুল করিম। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী বলেন, “ভূগর্ভ থেকে অধিক পরিমাণে পানি উত্তোলনের ফলে শূন্যতা সৃষ্টি হয়। বৃষ্টির পানি এবং আমাদের ব্যবহার্য পানি ভূ-গর্ভে চলে গিয়ে এ শূন্যতা পূরণ কওে থাকে। “কিন্তু পলিথিন বর্জ্য মাটির সঙ্গে মিশে যাওয়ায় মাটির শোষণ ক্ষমতা কমে গেছে এবং একারণে পানি ভূ-গর্ভে যেতে পারছে না।” এর ফলে নগরীতে ভবিষ্যতে পানির সংকট দেখা দিতে পারে বলে মনে করেন এই অধ্যাপক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি ড. অলক পাল বলেন, “ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাওয়ায় ভূমিকম্পের চেয়েও ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে আমাদের জন্য।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরআরডি/এইচএ/১৮৫১ ঘ.