ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর চকবাজার থানা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রিয়াজ মাহমুদ লিটন (২৮) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চকবাজার থানা কমিটির সাধারণ সম্পাদক।
শুক্রবার বিকালে পুরান ঢাকার ইসলামবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বলেন, চাঁদাবাজির একটি মামলায় লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে মারামারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জামান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিটন তার নেতৃত্বাধীন কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
তবে লিটনের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/১৮৪১ ঘ.
bdnews24