২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচআরডব্লিউর প্রতিবেদন উস্কানিমূলক: বিজিবি

হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদন প্রত্যাখ্যান করে এবার বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) বলেছে, বিদ্রোহের ঘটনায় অভিযুক্তদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অবিবেচনাপ্রসূত, অযৌক্তিক ও উস্কানিমূলক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদন প্রত্যাখ্যান করে এবার বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) বলেছে, বিদ্রোহের ঘটনায় অভিযুক্তদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অবিবেচনাপ্রসূত, অযৌক্তিক ও উস্কানিমূলক। শুক্রবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়, গত বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে ‘অতিরঞ্জিত তথ্য’ উপস্থাপন করা হয়েছে। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় সন্দেহভাজন ও অভিযুক্তদের ওপর নির্যাতনের অভিযোগ এবং র‌্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, বিচারের জন্য আটক অন্তত ৪৭ জন বিডিআর সদস্য হাজতে থাকা অবস্থায় ‘নিহত’ হয়েছেন। তাদের ওপর নির্যাতন চালানোর প্রমাণ হিউম্যান রাইটস ওয়াচের হাতে রয়েছে। বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব তথ্য ‘ভিত্তিহীন’ এবং সামগ্রিকভাবে ‘বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত’। “হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে হেফাজতে থাকাকালীন কয়েকজন আসামির মৃত্যু হওয়া সম্পর্কে অতিরঞ্জিত তথ্য প্রদান করা হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে তারা স্বাস্থ্যগত অসুস্থতা, বার্ধক্যজনিত ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।” বিডিআর বিদ্রোহের বিচার স্থগিতের দাবি জানিয়ে এইচআরডব্লিউ দেশের প্রচলিত আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে বলেও অভিযোগ এনেছে বিজিবি। নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থার এ প্রতিবেদনকে ‘উস্কানিমূলক’ আখ্যায়িত করে প্রতিবাদলিপিতে বলা হয়, “দেশের প্রচলিত আইন সম্পর্কে জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি, বিজিবি সদস্যদের নৈতিক মনোবলে আঘাত করা, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা প্রদান, সর্বোপরি সুশৃঙ্খল বাহিনীতে বিদ্রোহ ও জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার স্থগিত করতেই এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।” বিদ্রোহের ঘটনায় আটক জওয়ানদের কারাবিধি অনুসারে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলেও বিজিবি দাবি করেছে। বিডিআর বিদ্রোহের বিচার ও র‌্যাব নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, ওই প্রতিবেদনের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কল্পণাপ্রসূত’। মন্ত্রণালয়ের এক প্রতিবাদলিপিতে বলা হয়, “সরকার মনে করে, এ ধরনের অভিযোগ সরকারের বিরুদ্ধে আন্তজার্তিক ষড়যন্ত্র ও অপপ্রচারের অংশ। সরকার আশা করে যে, ‘হিউম্যান রাইটস ওয়াচ’ তাদের প্রতিবেদন ও বক্তব্য প্রত্যাহার করবে, যাতে জঘন্য ও মর্মান্তিক বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাকর্মকর্তাসহ ৭৪ জনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা যায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচএ/জেকে/১৮০৫ ঘ.