ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা নীতি বাস্তবায়ন, স্বতন্ত্র বেতন কাঠামো ও শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করাসহ ১২ দফা দাবি জানিয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশার-ছালাম) শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে এসব দাবি তুলে ধরে।
সমিতির সভাপতি মো. আবুল বাশার হাওলাদার বলেন, “আমরা জাতি গঠনে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু আমাদের ন্যূনতম পেশাগত মর্যাদা ও আর্থিক সুবিধা ভোগ করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।”
সম্প্রতি শিক্ষকদের প্রাইভেট পড়ানোয় কড়াকড়ি আরোপ করে শিক্ষা মন্ত্রণালয়ের করা নীতিমালার সমালোচনা করে বাশার বলেন, “শিক্ষকদের জন্য সব রকমের সুযোগ সুবিধা নিশ্চিত করুন; তারপর এসব নীতিমালা প্রয়োগ করুন।”
সমিতির মহাসচিব মো. আ. ছালাম বলেন, “শিক্ষকরা কোচিং বাণিজ্য করে না, তারা শিক্ষার্থীদের সেবা দেয়। আর যারা প্রকৃত অর্থেই কোচিং বাণিজ্য করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।”
১২ দফা দাবি আদায়ে সমাবেশ থেকে আগামী ১২ জুলাই জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং ১৩ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএইচ/১৮১১ ঘ.
bdnews24