যশোর, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ঈদের আগেই যশোর-খুলনা মহাসড়ক মেরামতের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে যশোর-খুলনা মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শনের সময় কাজের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, “নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে খবর আছে।”
রাস্তায় সৃষ্ট বড় বড় গর্ত শনিবারের মধ্যে ভরাট করে যান চলাচলের উপযোগী করতেও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, “কাল (শনিবার) খুলনা থেকে ফেরার পথে আমি এই গর্তগুলো আর দেখতে চাই না।”
সাংসদ খান টিপু সুলতান, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বুলবুল আহমেদ, নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
এর আগে যশোর রেলস্টেশনে যাত্রীসেবা নিয়ে সাধারণ যাত্রীদের সাথে কথা বলেন রেল মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কাদের। যাত্রী দুর্ভোগ কমাতে শিগগিরই রেল বহরে ২৫০টি বগি সংযুক্ত করার আশ্বাস দেন তিনি।
এ রেলস্টেশনের সব অবৈধ স্থাপনা দ্রুত অপসারণের জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পদ্মা সেতু প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সংসদে এ ব্যাপারে কথা বলেছেন, হতাশার কিছু নেই। আপনারা অপেক্ষা করুন, ধৈর্য্য ধরুন, আস্থা রাখুন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৭৩৪ ঘ.
bdnews24